দুই ভাইয়ের লোকজনের সংঘর্ষে আহত ১০
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জমির বাদাম চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের পাঁচটি ঘর ভাঙচুর করা হয়। গতকাল শনিবার সকালে কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন বলেন, জারু মিয়া ও নুরু মিয়া দুই ভাই। জারু মিয়ার মেয়ে জামেনা বেগম জমির বাদাম চুরি করেছে বলে অভিযোগ করেন নুরু মিয়া। এ জন্য শুক্রবার বিকেলে জামেনাকে মারধর করেন নুরু মিয়া। এ ঘটনার জের ধরে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত ব্যক্তিদের মধ্যে জারু মিয়া, নুরু মিয়া, বিলকিছ আক্তার, সেলিম মিয়া, শাহিনা বেগম ও জামেনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি।