দুই ভাইয়ের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোবায়ের ইব্রাহিম, মাহমুদ আলম
জোবায়ের ইব্রাহিম, মাহমুদ আলম

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আপন দুই ভাই ভোটযুদ্ধে নেমেছেন। ছোট ভাই মাহমুদ আলম বিএনপির দলীয় প্রার্থী। বড় ভাই জোবায়ের ইব্রাহিম লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
জোবায়ের পিরিজপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। একই ইউনিয়নে একই পদে একই পরিবারের দুজন চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাহমুদ আলম পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি এবার প্রথমবারের মতো নির্বাচন করছেন। জোবায়ের ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি বিএনপির সঙ্গ ছেড়ে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। ক্ষমতাসীন দলের সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে শেষে তিনি স্বতন্ত্র প্রার্থী হন। ২ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দুই ভাই একই পদে মনোনয়নপত্র দাখিল করেন। এই ইউনিয়ন থেকে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন পিরিজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাফর ইকবাল।
একই পদে আপন দুই ভাই প্রার্থী হওয়ার ব্যাপারে ছোট ভাই মাহমুদ আলম বলেন, ‘আমরা একই পরিবারের। তবে ভোটের লড়াইয়ে দুই ভাইয়ের পরিচয় ভিন্ন। আমি ধানের শীষের প্রার্থী আর বড় ভাই স্বতন্ত্র। তবে এ কথা সত্য যে আমাদের নিয়ে ভোটারদের প্রতিক্রিয়া মিশ্র। ভোট চাইতে গেলে অনেক ভোটার জিজ্ঞাসা করেন, “কিও, এক ঘর থাইক্কা দুইজন দাঁড়াইয়া গেলা”।’
একই বিষয়ে মন্তব্য জানতে চাইলে জোবায়ের ইব্রাহিম বলেন, তিনি বর্তমান চেয়ারম্যান। জনপ্রতিনিধি হিসেবে সফল। মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক নিবিড়। সুতরাং, মানুষের চাওয়ার মূল্যায়ন করতে গিয়ে ভাই পরিচয়ের চেয়ে জনগণ বড় হয়ে দেখা দিয়েছে। এ জন্য তাঁকে প্রার্থী হতে হয়েছে। তবে তিনি স্বীকার করেন, এ নিয়ে তাঁকে ভোটারদের নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পিরিজপুর ইউপির পরিষদের ভোট ৩১ মার্চ।