দুই ভাগ করার সিদ্ধান্তে একমত নয় জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করার সিদ্ধান্তের সঙ্গে একমত নয় মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি (জাপা)। দলটি মনে করে, তাদের সঙ্গে আলোচনা না করে ডিসিসিকে ভাগ করা ঠিক হয়নি।জাতীয় সংসদে গত মঙ্গলবার ডিসিসিকে দুই ভাগ করা-সংক্রান্ত স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন বিল, ২০১১ পাস হয়।জাপার একাধিক নেতা জানান, সোমবার দলের সভাপতিমণ্ডলীর সভায় মহাজোটে থাকা নিয়ে দলীয় নেতাদের তোপের মুখে পড়েন দলের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। সভায় উপস্থিত বেশির ভাগ নেতা অসম্মানজনকভাবে মহাজোটে ও সরকারে না থেকে বেরিয়ে আসার দাবি জানান। তাঁরা সরকারের কঠোর সমালোচনাও করেন। তাঁদের মধ্যে রয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, কাজী ফিরোজ রশীদ ও এস এম আলম। একপর্যায়ে এরশাদ সভা মুলতবি করেন। অসমাপ্ত এ সভা শিগগির হবে বলে জানা গেছে।জানতে চাইলে কাজী ফিরোজ রশীদ প্রথম আলোকে বলেন, মহাজোটে এরশাদ সাহেব কিংবা জাতীয় পার্টির কোনো মূল্যায়ন হয়নি; বরং অনেক সময় অসম্মান করা হয়। সে কারণে ওই সভায় অনেকেই সরকার থেকে জাতীয় পার্টিকে বের করে আনার আহ্বান জানান।জাপার একাধিক নেতা বলেন, জাতীয় পার্টির সরকারের আমলে রাজধানী ঢাকায় সব সুবিধাসম্পন্ন সিটি করপোরেশন করা হয়েছিল। কিন্তু সেই সিটি করপোরেশনকে দুই ভাগ করার সময় জাতীয় পার্টিকে কিছুই জানানো হয়নি। সরকারে একজন মন্ত্রী পেয়ে জাতীয় পার্টির এভাবে অসহায়ের মতো সরকারের দায় নেওয়ার কোনো কারণ নেই।ডিসিসিকে দুই ভাগ করা প্রসঙ্গে জানতে চাইলে এইচ এম এরশাদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, এভাবে কারও সঙ্গে আলোচনা না করে ভাগ করা ঠিক হয়নি। মহাজোটে থাকলেও এ সিদ্ধান্তের সঙ্গে জাতীয় পার্টি একমত নয়। জোটগতভাবে কোনো আলোচনা না করেই সরকার ঢাকাকে ভাগ করেছে। রাজনৈতিকভাবে এতে মহাজোটের ক্ষতি হয়েছে। তিনি বলেন, জাতীয় পার্টি এ নিয়ে হয়তো আন্দোলনে নামবে না, তবে একীভূত ঢাকা সিটি করপোরেশনের পক্ষে জাতীয় পার্টির অবস্থান থাকবে।জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, মহাজোটের শরিক হলেও জাতীয় পার্টিকে ঢাকা ভাগ করার বিষয়ে কিছুই জানানো হয়নি। জাতীয় পার্টি ঢাকা ভাগের সঙ্গে নেই। জাতীয় পার্টির নেতা-কর্মীরা এটা মানবেন না।