দুই ভাটামালিককে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বাইনচটকি এলাকায় বিষখালী নদীর মোহনায় চরের জমি দখল করে দুটি ইটভাটা নির্মাণ করে নদীর গতিপথ বন্ধ করায় সংশ্লিষ্ট ইটভাটার মালিকদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটা দুটির মালিকদের দখল করা নদীর চরের দখল ছেড়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার প্রথম আলোতে ‘বিষখালী নদীর মোহনা দখল করে ইটভাটা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিন বিকেলেই পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে ওই নির্দেশ দেওয়া হয়। মেসার্স স্টোন ব্রিকসের মালিক আবুল বাসারকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, ‘আপনি বিষখালী নদীসংলগ্ন জমিতে ইটের টুকরো ও মাটি ফেলে ভরাট করেছেন। যা পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫-এর (সংশোধিত-২০১০) ৪(২)(৩) ধারার সুস্পষ্ট লঙ্ঘন ও দণ্ডনীয় অপরাধ। এমতাবস্থায় আপনার কৃতকর্মের জন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৭ ধারা অনুযায়ী কেন ক্ষতিপূরণ আদায় করা হবে না, তা আগামী ৩০ অক্টোবরের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হলো। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ মেসার্স আরএসবি-২ ব্রিকস নামে ভাটার মালিককে অপর এক চিঠিতে বলা হয়, ‘ইটভাটা নির্মাণের আগে পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র নেওয়ার বিধান থাকলেও তা না নিয়ে ভাটাটি নির্মাণ করা হয়েছে। যা দণ্ডনীয় অপরাধ। এমতাবস্থায় কেন মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৩০ নভেম্বরের মধ্যে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে।’