দুই ভুয়া কক্ষ পরিদর্শকসহ তিনজনের জরিমানা
নাটোর শহরে ভ্রাম্যমাণ আদালত জেএসসি পরীক্ষা চলাকালে একটি কেন্দ্রে দুজন ভুয়া কক্ষ পরিদর্শক ও তাঁদের পরিদর্শকের দায়িত্ব দেওয়া এক প্রধান শিক্ষককে আটক করেছেন। পরে গতকাল শুক্রবার সকালে তাঁদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, ইউএনও মোহাম্মদ নায়িরুজ্জামান গত বৃহস্পতিবার শহরের বনলতা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় তিনি একটি কক্ষ থেকে হালসা শালিখা গ্রামের জাহিদুল ইসলাম ও ফুলসর গ্রামের জাহাঙ্গীর আলম নামের দুই ভুয়া কক্ষ পরিদর্শককে আটক করেন। তাঁরা ফুলসর আবদুর রহিম বালিকা বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন।
পরে ইউএনও খোঁজ নিয়ে জানতে পারেন যে তাঁরা ওই বিদ্যালয়ের শিক্ষক নন। অথচ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁদের কক্ষ পরিদর্শকের তালিকায় নাম পাঠিয়েছেন। এ কারণে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন সরকারকেও আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে শুক্রবার সকালে ইউএনও ওই ভুয়া দুই শিক্ষকের প্রত্যেককে ১০ হাজার টাকা ও প্রধান শিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, আরও ভুয়া শিক্ষক দায়িত্ব পালন করছে কি না, তা দেখার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।