দুই ভুয়া চিকিৎসকের চেম্বার সিলগালা
চট্টগ্রাম নগরে দুই ভুয়া চিকিৎসকের চেম্বার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাঁদের দোকানসহ মোট চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।
এসএসসি পাস করে নামের আগে ‘ডাক্তার’ লিখে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় রোগী দেখছিলেন বাসু দেব দত্ত। ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে তিনি পালিয়ে যান। পরে তাঁর জেএমপি ফার্মেসি সিলগালা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকার সিঅ্যান্ডবি মোড়ে লতিফা ফার্মেসি নামে অপর একটি দোকানে বসে রোগী দেখতেন মো. সিরাজদৌল্লা চৌধুরী। তিনি এইচএসসি পাস। সেখানেও অভিযান চালানো হয়। সিরাজদৌল্লা আর রোগী দেখবেন না বলে মুচলেকা দিয়েছেন। আদালত তাঁর চেম্বারটি সিলগালা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।
এ ছাড়া একই এলাকার দীপ্ত ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। দোকানটিতে অনুমোদনহীন ওষুধ পাওয়া যায়। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে চান্দগাঁও কালুরঘাট সেতু এলাকার বিনয় ফার্মেসি সিলগালা করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। দোকানটির ড্রাগ লাইসেন্স ছিল না।