দুই ভুয়া দন্ত চিকিৎসকের জেল-জরিমানা
ভ্রাম্যমাণ আদালত গত বৃহস্পতিবার পাবনার চাটমোহর উপজেলায় দুজন ভুয়া দন্ত চিকিৎসকের প্রত্যেককে পাঁচ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ও এক হাজার টাকা করে জরিমানা করেছেন। আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের আনকঠিয়া গ্রামের আজগর আল আরিফ (৩০) ও শরৎনগর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের আবদুর রশিদ (৪৫)।
চাটমোহর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ শেখ বলেন, দণ্ডপ্রাপ্তরা উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে আভা ডেন্টাল ক্লিনিক ও জাবেদ ডেন্টাল ক্লিনিক নামে দুটি প্রতিষ্ঠান খুলে দন্ত চিকিৎসা করছিলেন। কোনো কিছু না জেনেই তাঁরা চিকিৎসাপত্র দিতেন ও চিকিৎসার নামে গ্রামের মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।
এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে তাঁদের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় তাঁরা দন্ত চিকিৎসা দেওয়ার বৈধ কাগজপত্র ও ডাক্তারি পাসের সনদ দেখাতে ব্যর্থ হন। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ অনুযায়ী দুজনকেই পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন। সেই সঙ্গে প্রতিষ্ঠান দুটিও বন্ধ করে দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের গতকাল শুক্রবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।