দুই ভুয়া চক্ষু চিকিৎসককে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন এসএসসি পাস। আরেকজন অষ্টম শ্রেণি। দুজনই অস্ত্রোপচারসহ চোখের চিকিৎসা করেন। ব্যবস্থাপত্রও লেখেন। মানুষের সঙ্গে এমন প্রতারণার দায়ে এই দুই ভুয়া চিকিৎসককে গতকাল শনিবার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে র‌্যাব-১০-এর একটি দল অভিযান চালায়।
সারওয়ার আলম বলেন, কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বরকতউল্লাহ ও জাহাঙ্গীর হোসেন। বরকতউল্লাহ অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন বলে জানা গেছে। যদিও তাঁর দাবি তিনি ডিগ্রি পাস। তাঁকে দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। জাহাঙ্গীর এসএসসি পাস করেছেন। তাঁকে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সারওয়ার আলম বলেন, যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক এলাকায় সেন্ট্রাল স্পেশাল আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠান খুলে সেখানে চক্ষু চিকিৎসা চালিয়ে আসছিলেন বরকতউল্লাহ। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জে। অভিযান চালানোর সময় তিনি এক রোগীর চিকিৎসায় ব্যস্ত ছিলেন। আরও চার রোগী ছিলেন অপেক্ষমাণ। পরে তাঁর কাছে ডাক্তারি সনদ চাইলে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, চক্ষু চিকিৎসা নিয়ে তাঁর কোনো পড়াশোনা নেই। তাঁকে কারাদণ্ড দিয়ে ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
যাত্রাবাড়ীতে গেন্ডারিয়া লায়ন এলাহী চক্ষু হাসপাতাল নামের আরেকটি প্রতিষ্ঠানে একই কায়দায় প্রতারণা করে আসছিলেন জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীরের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। অভিযানের সময় দেখা যায়, তিনি এক রোগীকে প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিচ্ছেন।
ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, বরকতউল্লাহর প্রতিষ্ঠানে আলী আকবর ও ওবায়দুল নামের আরও দুজন ভুয়া ডাক্তার চিকিৎসা দেন। তবে অভিযানের সময় তাঁরা ছিলেন না। আর জাহাঙ্গীর একাই নিজ প্রতিষ্ঠানে চিকিৎসা দিয়ে থাকেন। তবে এঁদের প্রতিষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে তাঁদের সহযোগীরা রোগী পাঠিয়ে দেন। আবার এঁদের প্রতিষ্ঠানে গিয়ে চিকিৎসা দেন এমন একজন আসল চক্ষু চিকিৎসকের সন্ধান পাওয়া গেছে। জেনেশুনে প্রতারকদের সহযোগিতার বিষয়ে জিজ্ঞাসা করা হলে ওই চিকিৎসক র্যাবের কাছে ভুল স্বীকার করেন।