দুই ভুয়া শিক্ষার্থীর সনদ তলব, তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই ভুয়া শিক্ষার্থীর সনদ তলব করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া বিষয়টি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মীজানুর রহমানকে আহ্বায়ক করে ১২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন ভূগোল ও পরিবেশ বিভাগের মো. রুবেল পারভেজ এবং এস এ ফেরদৌস। তাঁরা ২০০০-০১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে ভর্তি হয়েছিলেন। ২০০৮ সালে তাঁদের ভুয়া শিক্ষার্থীহিসেবে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, চিহ্নিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের ভর্তি বাতিলের বিজ্ঞপ্তি দেয়। এরপর ওই দুই শিক্ষার্থী আদালতে রিট আবেদন করেন। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করে শুধু পরীক্ষা দিতে অনুমতি দেন আদালত। এর পরও ওই দুই শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা দেন। তাঁরা পাস করে সনদ তুলে নেন।উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘ভুয়া ছাত্র হিসেবে চিহ্নিত হওয়ার পর তাঁরা কীভাবে লেখাপড়া চালিয়ে গেছেন, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’