দুই ভুয়া সাংবাদিক গ্রেপ্তার
সাংবাদিক না হয়েও সাংবাদিক পরিচয়ে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগে রাজধানীর রূপসী বাংলা হোটেল থেকে গতকাল মঙ্গলবার রাতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রমনা থানার পুলিশ।গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন কাজী হাফিজ ওরফে কেরামত আলী (৩৩) এবং জাহাঙ্গীর আলম ওরফে জাহিদ আহমেদ (৪৫)।পুলিশ জানায়, প্রথম আলোর সাংবাদিক কেরামত আলী ও যুগান্তর পত্রিকার সাংবাদিক জাহিদ আহমেদ পরিচয় দিয়ে গতকাল রূপসী বাংলা হোটেলে একটি মুঠোফোন বাজারজাতকারী প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নেন এই দুজন। অনুষ্ঠানের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সন্দেহ হলে তাঁরা বিষয়টি প্রথম আলো কার্যালয়কে জানান। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে আসে।এ বিষয়ে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কুল এক্সপোজারের প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদুল হক রমনা থানায় একটি অভিযোগ দিয়েছেন।পুলিশের জিজ্ঞাসাবাদে জাহিদ আহমেদ পরিচয় দেওয়া ওই ব্যক্তি জানান, তাঁর নাম জাহাঙ্গীর আলম। তিনি নিজেকে একটি পত্রিকার অপরাধবিষয়ক প্রতিবেদক হিসেবে দাবি করেন। আর কেরামত আলী বলেছেন, তাঁর আসল নাম কাজী হাফিজ। জাহাঙ্গীরের পরামর্শে তিনি নীলক্ষেত থেকে প্রথম আলোর পরিচিতি কার্ড (ভিজিটিং কার্ড) তৈরি করেন।