দুই ভূঁইয়ার ভোটযুদ্ধ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রভাবশালী দুই ভূঁইয়া পরিবারের দুই সদস্য। একজন আওয়ামী লীগের ও অন্যজন বিএনপির রাজনীতি করেন। দুই প্রার্থীই দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা করেছেন। আজ বুধবার এখানে ভোট গ্রহণ করা হবে।
দুই প্রার্থীর মধ্যে মো. আসাদুল হক ভূঁইয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে জেলা কমিটির অন্যতম সদস্য। তাঁর বড় ভাই আওয়ামী লীগের প্রবীণ নেতা আবদুল হক ভূঁইয়া বর্তমানে কেন্দুয়া পৌরসভার চেয়ারম্যান।
আসাদুলের একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া জেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করছেন। একসময় তিনি কেন্দুয়া পৌরসভার মেয়র ছিলেন।
আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা জানান, দুই প্রার্থীই পৌর এলাকার বাসিন্দা এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি হিসেবে এলাকায় তাঁদের ব্যাপক পরিচিতি রয়েছে।
আসাদুল হক ভূঁইয়া বলেন, ‘এলাকার উন্নয়ন-শান্তি ও একটি সুন্দর সমাজ গঠনে ভোটাররা আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়ী করবেন বলে আশা করছি।’
একই কথা বলেন মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া। তিনি বলেন, তিনি আগে জনপ্রতিনিধি ছিলেন। পৌরসভার উন্নয়নে অনেক কাজ করেছেন। তাঁর সেই কাজ মূল্যায়ন করে ভোটাররা তাঁকে দোয়াত-কলম প্রতীকে ভোট দেবেন।