দুই ভূমি কর্মকর্তাসহ ৪ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় ভূমি জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় দুই ভূমি কর্মকর্তা, একটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার সন্ধ্যায় নেত্রকোনা মডেল থানা-পুলিশের সহায়তায় দুদক তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নেত্রকোনা সদর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা বিনয় চন্দ্র সেন, ভূমি উপসহকারী কর্মকর্তা মো. মনিরুল হক, মদন উপজেলার নায়েকপুর ইউপির সাবেক চেয়ারম্যান বাদরুজ্জাহান খান ও তাঁর স্ত্রী হোসনে আরা খানম।
দুদক ও পুলিশ সূত্রে জানা গেছে, নায়েকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও তাঁর স্ত্রী ২০১০ সালে নেত্রকোনা শহরের সাতপাই এলাকার ৭ শতাংশ জমি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে দখল করেন। এই কাজে বিনয় চন্দ্র সেন ও মো. মনিরুল হক সহায়তা করেন। এ বিষয়ে গত বুধবার দুপুরে দুদকের ময়মনসিংহ সমন্বিত কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। পুলিশ ওই দিনই সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করে।
নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমীন বলেন, গত বুধবার ওই চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে পুনরায় কারাগারে পাঠান।