দুই ভূমিহীন নেতার খুনিদের শাস্তি দাবি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বৈরাগীর চক ও চিংড়িখালী এলাকায় বসবাসরত ভূমিহীনদের পুনর্বাসন ও নিরাপত্তা এবং নিহত ভূমিহীন নেতা আশরাফ মীর ও ইছাহাক আলী গাজীর হত্যাকারীদের শাস্তির দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবে আশরাফ মীরের স্ত্রী ফজিলা বেগম এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ফজিলা বেগম বলেন, বৈরাগীর চক ও চিংড়িখালী ভূমিহীন জনপদে তিন শতাধিক ভূমিহীন পরিবার বসবাস করে। ২০১৫ সালের ১৯ আগস্ট আশরাফ মীর ও ইছাহাক আলী গাজী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ওই এলাকায় প্রকৃত ভূমিহীনদের বসবাস নিশ্চিতের দাবিতে আবেদন করেন। এর চার দিন পর ২৪ আগস্ট ভোরে কালিগঞ্জের ইন্দ্রনগর গ্রামের একাধিক হত্যা মামলার আসামি আবুল হোসেন পাড় ও শহিদুল পাড়ের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী বৈরাগীর চকে হামলা চালিয়ে আশরাফ মীর ও ইছাহাক আলী গাজীকে হত্যা করে। এ ঘটনায় ফজিলা বেগম বাদী হয়ে কালিগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। উল্টো পুলিশ বাদী হয়ে নিহত আশরাফ মীর, আশরাফ মীরের ছেলে হাবিব মীর, শ্যালক শহিদুল গাজী, শ্যালকের ছেলে ইসরাইল গাজী, মিকাইল গাজী, তাইজুল শেখ, লুৎফর বিশ্বাস ও নিহত ইছাহাক আলী গাজীসহ অনেক নিরীহ মানুষকে আসামি করে দুটি মামলা করে। পরে ফজিলা বেগম বাদী হয়ে ওই বছরের ৩০ আগস্ট ৮৬ জনকে আসামি করে আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কালিগঞ্জ থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) সুভাষ চন্দ্র বিশ্বাসকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
সংবাদ সম্মেলনে ফজিলা বেগম বৈরাগীর চক ও চিংড়িখালী এলাকায় বসবাসরত ভূমিহীনদের পুনর্বাসন ও নিরাপত্তার দাবি এবং নিহত ভূমিহীন নেতা আশরাফ মীর ও ইছাহাক আলী গাজীর হত্যাকারীদের শাস্তির দাবি জানান।
আবুল হোসেনের পাড়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তিনি নলতা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ জন্য তাঁর সুনাম ক্ষুন্ন করার জন্য এসব মিথ্যা প্রচার চালানো হচ্ছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান জানান, প্রথমে কেউ মামলা করতে রাজি না হওয়ায় পুলিশ একটি হত্যা ও অস্ত্র আইনে আরেকটি মামলা করে। গত ১৮ জুন অস্ত্র মামলায় ৩৭ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে। অন্যটির তদন্তকাজ প্রায় শেষ পর্যায়ে। ফজিলা বেগমের করা অভিযোগও তদন্ত করা হচ্ছে।