দুই মণ ধানে এক কেজি ইলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবাব শায়েস্তা খাঁর আমলে নাকি টাকায় আট মণ চাল পাওয়া যেত। সেই নবাবি আমল চলে গেছে। পরিস্থিতিও পাল্টে গেছে। এখন এক কেজি ইলিশ মাছ কিনতে কৃষকদের গুনতে হচ্ছে দুই মণ ধানের দাম। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপ সুলতানগঞ্জ হাটে ইলিশের দাম ও ধানের দামের এই চিত্রই পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার ধাপ সুলতানগঞ্জ হাটে গিয়ে দেখা যায়, মাঠে মাঠে ধান কাটা শুরু হওয়ায় এই হাটে বেচাকেনার জন্য বিপুল পরিমাণ নতুন ধান উঠেছে। তবে এবার ধানের দর গত বছরের তুলনায় মণপ্রতি ১৬০ থেকে ১৭০ টাকা কম। বিআর-২৮ জাতের এক মণ ধান বিক্রি হচ্ছে ৪১০ টাকায়। যেখানে গত বছর এই ধান বিক্রি হয়েছে ৫৮০ টাকা দরে। এই বাজারে নতুন ধানের দাম কম হলেও ইলিশের দামটা বেশ চড়া। ছোট জাতের ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৮০০ টাকায়, যা দুই মণ ধানের দামের সমান।

গুনাহার এলাকার খাগড়া গ্রামের কৃষক হাম্মাদ আলী বলেন, ‘গ্রামত একন ধান কাটার হিড়িক পড়িচে। বাড়িত বেটিজামাই আসিচে। বছরের প্রথম নতুন ধান কাটা মাড়া কর‌্যা হাটত বেচার জন্য আনিছি। ধানের দামের দিকে না ত্যাকা জামাই-বেটির জন্যি দুই মণ ধান বেচা (দুই মণ ধান বিক্রি করে) এক কেজি ইলিশ কিনিছি।’

হাটের মাছ বিক্রেতা রথিন দাস বলেন, এবার শুরু থেকেই ইলিশের বাজার চড়া। পয়লা বৈশাখে হাজার টাকা কেজি দরে ইলিশ বেচাকেনা হয়েছে। বড় জাতের ইলিশ ১৪০০ টাকা দরে বিক্রি করেছি। আজ কয়েক দিন হলো কেজি খানেক ওজনের ইলিশ ৮০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

ধানের দাম কমে যাওয়া প্রসঙ্গে উপজেলা বণিক সমিতির সভাপতি শামসুদ্দিন আহমেদ বলেন, গত আমন মৌসুম থেকেই ধানের দাম কমে গেছে। ভারত থেকে কম দামে চাল আমদানি করার কারণে ধান-চালের দামও কমে গেছে। তা ছাড়া দাম কম হওয়ায় গতবারের ধান-চালই ব্যবসায়ীরা বিক্রি করতে পারেননি। সেই ধান-চাল এখনো তাঁদের মজুত থাকায় এবার শুরুতেই ধান কেনার পাইকারি ব্যবসায়ীরা নেই। এ কারণেই এবার ধানের দাম এত কম।