দুই মণ ধানে এক কেজি ইলিশ
এখন ইলিশের ভরা মৌসুম। অথচ মেঘনা নদীতে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে না। এ কারণে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হাট-বাজারগুলোতে পর্যাপ্ত ইলিশ নেই। অল্প কিছু বড় ইলিশ বাজারে এলেও তা অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায়। কৃষকদের দুই মণ ধান বিক্রি করে একটি ইলিশ কিনতে হচ্ছে।
স্থানীয় কয়েকজন জেলে জানান, বাজারে কৃষকেরা প্রতি মণ ধান ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি করছেন। এখন দুই মণ ধান বিক্রি করলে এক কেজি ওজনের একটি ইলিশ মেলে। এতে সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে গেছে ইলিশ।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষণা নদীকেন্দ্র চাঁদপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আনিসুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সাধারণত আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন মাস ইলিশের মৌসুম। পানির প্রবাহ বাড়লে সাগর থেকে দল বেঁধে ইলিশ নদীতে উঠে আসে। নদীতে পানির প্রবাহ বাড়ছে। আশা করছি, শিগগিরই প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়বে।’
রায়পুর বাজারের মৎস্য ব্যবসায়ী মো. জহির জানান, গত বছর শ্রাবণ মাসে চার কেজি ওজনের এক হালি (চারটি) ইলিশ বিক্রি হয়েছিল ৩ হাজার টাকায়। এ বছর এই ওজনের এক হালি ইলিশ বিক্রি হচ্ছে ৪ হাজার ৮০০ থেকে ৫ হাজার ২০০ টাকায়।
আড়তদার আজিজ মিয়া জানান, বৈশাখের শেষ থেকে সাধারণত মেঘনায় জেলেদের জালে ইলিশ ধরা পড়ার কথা। অথচ প্রায় দুই মাস অতিবাহিত হলেও জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে না। বিগত বছর মাছের ঘাটগুলো থেকে এ সময়ে শতাধিক টন ইলিশ দেশের অভ্যন্তরের বাজারে পাঠানো হতো। অথচ চলতি মৌসুমে এ পর্যন্ত ১০ টন ইলিশও পাঠাতে পারেননি তাঁরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, নদীতে পানি বাড়লে ও ভারী বৃষ্টি হলে ইলিশ বেশি ধরা পড়বে। আর বড় ইলিশের চাহিদা বেশি। এ কারণে দাম বেশি।