দুই মণ পটোলেও হয় না এক কেজি গরুর মাংস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইকারদের কাছে খেত থেকে এক মণ পটোল বিক্রি হচ্ছে ১১০ টাকায়। আর হাট-বাজারে বিক্রি হচ্ছে মণপ্রতি ২০০ টাকায়। আর এ উপজেলায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৪২০ টাকা দরে। তার মানে দাঁড়াচ্ছে, দুই মণ পটোল বিক্রি করেও একজন কৃষক এক কেজি গরুর মাংস কিনে খেতে পারছেন না।
সরেজমিনে গতকাল মঙ্গলবার বগুড়ার কাহালুর তিনদীঘি হাটে দেখা যায়, পটোলসহ তরিতরকারির প্রচুর আমদানি ছিল। হাটে পটোল বিক্রি করতে এসে বসে আছেন কৃষক জিয়ারুল মণ্ডল। তিনি কাহালুর কালাই ইউনিয়নের কুমারপাড়ার বাসিন্দা। তিনি বলেন, ‘বৈশাখের শুরুতে পটোলের দাম ছিল মণপ্রতি ৮৫০-৯০০ টাকা। তখন পাইকারেরা গ্রামে গ্রামে গিয়ে খেত থেকে পটোল কিনেছেন। এখন খেত থেকে পটোল তুলে অটোভ্যানে করে হাটে নিয়ে এসে বিক্রি করলে ভ্যানের খরচও উঠছে না।’
একই গ্রামের আরেক কৃষক আবদুস সালাম বলেন, যে দশা তাতে এখন চার মণ পটোল বিক্রি করেও এ কেজি গরুর মাংস হবে না। খোঁজ নিয়ে জানা যায়, সবজি চাষের জমি এক শতক পত্তনি নিতে দিতে হয় ৭৫০ টাকা। এর সঙ্গে বীজ, সার ও শ্রমিক খরচ আছে।
কাহালু উপজেলা কৃষি কর্মকর্তা আখেরুর রহমান বলেন, এ উপজেলার উত্তরের তিনটি ইউনিয়নে রবিশস্যের পাশাপাশি তরিতরকারির প্রচুর আবাদ হয়। এবার ৪৫০ হেক্টর জমিতে রবিশস্য আবাদ করেছেন কৃষক। এর মধ্যে শুধু পটোলই আবাদ করেছে ৩৫ হেক্টর জমিতে। তিনি আরও বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় পটোলসহ অন্যান্য তরিতরকারির প্রচুর ফলন হয়েছে। তবে কৃষকেরা দাম পাচ্ছেন না।