দুই মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল গণজাগরণ মঞ্চ

দুটি দাবিতে গতকাল রোববার স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে গণজাগরণ মঞ্চ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া স্মারকলিপিতে পাকিস্তান হাইকমিশন ঘেরাও কর্মসূচির সময় সংগঠনের নেতা-কর্মীদের ওপর পুলিশের ‘নির্যাতনে’ জড়িত ব্যক্তিদের অবিলম্বে প্রত্যাহার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া স্মারকলিপিতে।
গতকাল দুপুরে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল স্মারকলিপি দুটি জমা দেয়। স্মারকলিপি দিতে মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগ থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে রওনা হন। মিছিলটি দোয়েল চত্বর পর্যন্ত গেলে পুলিশ বাধা দেয়। এরপর প্রতিনিধিদল মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি দিয়ে আসে।
গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল বলেন, ১৮ ও ১৯ ডিসেম্বর পাকিস্তান হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের ‘বর্বর নির্যাতন’ ও লাঠিপেটার সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রত্যাহার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মাঈনুদ্দিন স্মারকলিপি গ্রহণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।