দুই মন্ত্রী পদত্যাগ না করলে সংবিধানকে অপমান করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আদালতের শাস্তি পাওয়ার পরেও দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল যদি পদত্যাগ না করেন, তাহলে সংবিধান ও দেশের ১৬ কোটি মানুষকে অপমানিত করা হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম’ শীর্ষক আলোচনা সভায় হাফিজ উদ্দিন আহমেদ এ মন্তব্য করেন। তিনি বলেন, সংবিধানের মর্যাদা রক্ষার্থে দুই মন্ত্রীর পদত্যাগ করা উচিত।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মন্ত্রীরা সংবিধান না মেনে যা ইচ্ছা তা-ই করছেন। বর্তমান সরকারের মন্ত্রীরা গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছেন। যার ফলে দেশে আজ আইনের শাসন নেই, মানবাধিকার ভূলুণ্ঠিত। মুক্তিযুদ্ধের চেতনার বুলি উড়িয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। তিনি বলেন, ক্ষমতাসীনরা কখনোই মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্বীকার করতে চান না। কারণ, তাঁরা বলেন, ৭ মার্চের এক ভাষণে দেশে স্বাধীন হয়েছিল। এতেই প্রমাণিত হয়, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে অস্বীকার করে।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বিএনপির কেন্দ্রীয় সম্মেলনের এত দিন পরও কমিটি ঘোষণা না হওয়ার সমালোচনা করেন। তিনি বলেন, কাউন্সিলের পরপরই মহাসচিব ও স্থায়ী কমিটি ঘোষণা করা উচিত ছিল। তিনি বলেন, ‘জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রোডাক্ট হলেও খালেদা জিয়া এ দেশের জনগণের প্রোডাক্ট। তাঁর বিচক্ষণতায় নিশ্চয়ই ত্যাগী ও যোগ্য নেতাদের উপযুক্ত মূল্যায়ন করবেন এবং তীব্র গণ-আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে, এটা আমার বিশ্বাস।’
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির অর্থ-বিষয়ক সম্পাদক আবদুস সালাম, মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব সাদেক আহমেদ খান প্রমুখ।