দুই মন্ত্রী বলেছেন দুর্বৃত্তপনা, সুরঞ্জিত খুঁজছেন ‘রাজনীতি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানোর ঘটনাকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দুর্বৃত্তপনা বলে অভিহিত করে জড়িত ব্যক্তিদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করার কথা বলেছেন। একইভাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অগ্নিসংযোগকারী দুর্বৃত্তদের স্বরূপ তদন্ত প্রতিবেদনে যথাযথভাবে তুলে না ধরলে সেই ‘তদন্ত অন্ধভাবে গ্রহণ করা হবে না’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সিলেটের দুই মন্ত্রীর এমন প্রতিক্রিয়ার মধ্যে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় ‘রাজনীতি’ খোঁজার চেষ্টা করছেন। ঘটনার আট দিনের মাথায় সোমবার বিকেলে তিনি ছাত্রাবাস পরিদর্শন করে সন্ধ্যায় সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে সুরঞ্জিত বলেন, ‘ঘটনাটি ঘটেছে দুটো ছাত্র সংগঠনের সংঘর্ষকে কেন্দ্র করে। ঘটনাটি রাজনৈতিক। আদর্শিক দ্বন্দ্ব থেকে এর সূত্রপাত। জাতীয় সম্পদ নষ্ট হয়েছে—আমরা কেউ এটা চাই না।’ জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জনসমঞ্চুখে প্রকাশ করা উচিত জানিয়ে সুরঞ্জিত বলেন, ‘জঘন্য এ ঘটনার তদন্ত চলছে, আমরা চাই তদন্ত যেন নিরপেক্ষভাবে হয় এবং তদন্ত প্রতিবেদন জনসমঞ্চুখে আসুক।’ সুরঞ্জিত বলেন, ‘ঘটনার তদন্তে দুটো কমিটি হয়েছে। আমরা চাই—এ দুটো কমিটি স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করবে। এর আগে কে করল—এসব বললে তদন্তই প্রভাবিত হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রতিবেদন জনসমঞ্চুখে আসুক।’ সিলেটের দুই মন্ত্রীর দিকে ইঙ্গিত করে সুরঞ্জিত ঘটনাকে শুধু আবেগ দিয়ে না দেখার পরামর্শ দেন। আগুন দিয়েছে ছাত্রলীগ—এ অভিযোগ প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘তদন্তের আগে এসব বলা ঠিক না। একমাত্র বিশ্বব্যাংকই তদন্তের আগে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে তহবিল ফিরিয়ে নিয়েছে। বিশ্বব্যাংক এমন করলেও আমরা তা করব না।’ ৮ জুলাই রাতে এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ছাত্রলীগ বহিরাগত ব্যক্তিদের নিয়ে ছাত্রাবাসে আগুন ধরিয়ে দেয়। আগুনে ছাত্রাবাসের তিনটি ব্লকের ৪২টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিসংযোগ-কারীদের চিহ্নিত করতে ১২ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করে অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী কঠোর নির্দেশ দেওয়ায় কলেজ ও জেলা প্রশাসন দুটো পৃথক কমিটি গঠন করে তদন্ত কার্যক্রম চালিয়েছে।