দুই মন্ত্রী যাচ্ছেন আজ সাংসদ থাকছেন না
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ শনিবার রাজশাহীতে আসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে তাঁদের শিক্ষক-ছাত্র-সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। কিন্তু এই অনুষ্ঠান সম্পর্কে ঢাকা থেকে স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশাকে জানানো হয়নি। তাই তিনি এ অনুষ্ঠানে থাকছেন না বলে জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করেছে। সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহ বলেন, অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন চলছে, সে পরিপ্রেক্ষিতে দুই মন্ত্রী বিশ্ববিদ্যালয়ে আসছেন। তিনি বলেন, শিক্ষক হত্যার বিচারের দাবিতে তাঁরা মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে গিয়েছিলেন। তখন দুই মন্ত্রী রাজশাহীতে এই কর্মসূচি দেন।
স্থানীয় সাংসদকে আমন্ত্রণের বিষয়ে অধ্যাপক শহীদুল্লাহ বলেন, সমিতির সাধারণ সম্পাদক সম্ভবত তাঁকে (সাংসদ) ফোন করেছিলেন। তিনি বোধ হয় ব্যস্ত আছেন, সে জন্য আসতে পারছেন না।
আয়োজকদের পক্ষ থেকে ফোন পাওয়ার বিষয়টি স্বীকার করে ফজলে হোসেন বাদশা বলেন, ‘শিক্ষক সিমিতির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে। তবে মন্ত্রণালয় থেকে না জানালে আমি অনুষ্ঠানে থাকতে পারি না।’ তিনি আরও বলেন, ‘দুই মন্ত্রী রাজশাহীতে যাচ্ছেন বিষয়টি আমি আনুষ্ঠানিকভাবে জানি না। আমাকে জানানো হয়নি। ওই অনুষ্ঠানে আমার যাওয়ার প্রয়োজন আছে বলে তাঁরা মনে করেননি। তাই হয়তো তাঁরা আমাকে অনুষ্ঠানে থাকার জন্য অনুরোধ করেননি।’
রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী ও রাজনীতিক খুন হওয়ার ব্যাপারে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বরাবরই উদ্বেগ প্রকাশ করে আসছেন। বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি ও শিক্ষক সমিতির সমাবেশেও যোগ দেন। তিনি গত ২৫ এপ্রিল রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে বলেন, খুনের আসামি ধরার ব্যাপারে পুলিশ সক্রিয়তা দেখাতে ব্যর্থ হয়েছে। তিনি রাজশাহীতে অ্যান্টি-টেররিজম টাস্কফোর্স মোতায়েন করার দাবি জানান। এ ব্যাপারে তিনি ঢাকায় গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের নিষ্ক্রিয়তার ব্যাপারে অভিযোগও করেন। এখন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে আসছেন, অথচ তাঁকেই আনুষ্ঠানিকভাবে তা না জানানোয় স্থানীয় অনেকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বরাবরই রাজশাহীতে আন্দোলন করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। শিক্ষক রেজাউল করিম হত্যাসহ অন্যান্য খুনের বিচার দাবিতে তারা সোচ্চার রয়েছে। এই পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, দুই মন্ত্রী রাজশাহীতে আসছেন, সেই অনুষ্ঠানে তিনিও দাওয়াত পেয়েছেন। কিন্তু তিনি সেখানে কোনো কথা বলতে পারবেন না। কথা বলতে হলে স্থানীয় সাংসদকেই বলতে হবে। অনুষ্ঠানে সাংসদ না থাকলে মন্ত্রীরা অনেক কিছু না জেনেই রাজশাহী থেকে চলে যাবেন।
২৩ এপ্রিল সকালে রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজ বাসার কাছে শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছিল পুলিশ। তাঁদের মধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়ে কোনো স্বীকারোক্তি দেননি। তবে পুলিশ বলছে, কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে ব্যাপারে তারা একটা ধারণা পেয়েছে। তার ভিত্তিতে আসামিদের ধরতে হবে।