
সর্বোচ্চ আদালতে দণ্ডিত দুই মন্ত্রী কামরুল ইসলাম এবং আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে সরানো না হলেও ঝুঁকির মধ্যে পড়েছেন তাঁরা। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে বা পরে মন্ত্রিসভায় রদবদলের যে সম্ভাবনা রয়েছে, তখন যোগ্যতা বিবেচনায় কেউ কেউ বাদ পড়তে পারেন।
সরকার ও আওয়ামী লীগের দায়িত্বশীল বিভিন্ন সূত্র বলছে, আপিল বিভাগের রায়ে শপথ ভঙ্গের অভিযোগ আনা হয়নি—এটাই এখন পর্যন্ত স্বস্তির বিষয়। এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, আদালত নিয়ে অবমাননাকর মন্তব্যে মন্ত্রীদের শপথ ভঙ্গ হয়নি।
সরকারের একাধিক সূত্র জানায়, তাঁদের সরানোর জন্য কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি হয়নি। তবে বিষয়টি নিয়ে যে নৈতিক প্রশ্ন উঠেছে, এতে কারও কোনো সন্দেহ নেই। এ প্রসঙ্গে আইনমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এখানে একটি আইনগত, আরেকটি নৈতিক বিষয় আছে। নৈতিকতার ব্যাপারটা যার যার নিজের। সেটা নিয়ে কিছু বলার নেই। এটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত বিবেচনার ব্যাপার।
সরকারের একাধিক সূত্র জানায়, নৈতিক দায় নিয়ে দুই মন্ত্রী সরে যান—এমন ইঙ্গিত সরকারের পক্ষ থেকে নেই। তবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক মন্ত্রিসভায় থাকতে পারেন কি না, তা নিয়ে আলোচনা ও বিতর্ক জোরদার হয়েছে। সরকারি দলের কোনো কোনো নেতা ও আইনজীবীদের একটি বড় অংশ মনে করেন, আইনি বাধ্যবাধকতা না থাকলেও নৈতিকতার প্রশ্নে দুই মন্ত্রীর পদত্যাগ করা উচিত।
এই বিতর্কের মধ্যে গতকাল মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ওই দুই মন্ত্রী অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকেরা ওই দুই মন্ত্রীর কাছে তাঁদের করণীয় সম্পর্কে জানার চেষ্টা করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে কামরুল ইসলামের জবাব ছিল—তাঁর কিছু বলার নেই।
অন্যদিকে আ ক ম মোজাম্মেল বারবার ‘নো কমেন্টস’ বললেও সাংবাদিকদের প্রশ্নের ফাঁকে ফাঁকে কিছু মন্তব্য করেন। পদত্যাগ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রায়ের কপি পেয়ে মন্তব্য করবেন। উচ্চ আদালতের এই আদেশ রিভিউ করবেন কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, রায় পেলে আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। বিব্রত কি না, জানতে চাইলে তিনি মন্তব্য করতে চাননি। তবে মন্ত্রী বলেন, ‘বিষয়টি আপনারা (সাংবাদিকেরা) বিবেচনা করেন। জাতি বিবেচনা করুক।’ সংবিধান লঙ্ঘন করেছেন কি না, জানতে চাইলে মোজাম্মেল বলেন, অসাংবিধানিক কোনো কাজ করেননি। কারও বিপক্ষে কথা বলা মানে সংবিধান লঙ্ঘন নয়। সংবিধানের প্রতি তাঁর আনুগত্য আছে।
গত রোববার দুই মন্ত্রী কামরুল ইসলাম এবং আ ক ম মোজাম্মেল হককে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেন সর্বোচ্চ আদালত। তাঁদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড হয়েছে।
আদালতের ওই রায় নিয়ে সরকারিভাবে বা দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সেই আলোচনা হওয়ার আগে তিনি এ বিষয়ে ঢালাও মন্তব্য করতে চান না। গতকাল মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকেও এ নিয়ে একটা শব্দ আলোচনা হয়নি। আমাদের সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি ভালোভাবে নেওয়া হয়নি, এটা হলো সত্য কথা। কারণ দেশের প্রধান বিচারপতি প্রতিষ্ঠান। তাঁর ব্যাপারে ঢালাও মন্তব্য করা সংগত নয়, সমীচীন নয়।’ দুই মন্ত্রীর পদত্যাগ করা উচিত কি না—এমন প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, ‘আমার কলিগের পদত্যাগ আমি দাবি করব—এটা তো ঠিক না।’
অভিযুক্ত হওয়ার পর দুই মন্ত্রী পদে থাকতে পারেন কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘এখানে কিন্তু সংবিধান ক্ষুণ্ন হওয়ার কোনো ব্যাপার নেই। এখানে পদত্যাগ করার কোনো বাধ্যবাধকতা নাই। এটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত বিবেচনার ব্যাপার।’
আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুই মন্ত্রীর ব্যাপারে যতটুকু অসন্তোষ ছিল, প্রধানমন্ত্রী তা মন্ত্রিসভার বৈঠকে প্রকাশও করেছেন। সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকায় দুই মন্ত্রীর বিরুদ্ধে তাড়াহুড়া করে প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবেন এমনটি তাঁরা মনে করেন না। ওই নেতা আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার কার্যকরে রাজনৈতিক চাপ রাখার কৌশল শুরু থেকেই আওয়ামী লীগের আছে। মীর কাসেম আলীর রায়ের আগে সেই চাপ অব্যাহত থাকুক, তা আওয়ামী লীগের অনেক নেতারই চাওয়া ছিল। কিন্তু কামরুল ইসলাম এবং আ ক ম মোজাম্মেল হক যেভাবে মীর কাসেম আলীর বিচার নিয়ে কথা বলতে গিয়ে প্রধান বিচারপতিকে জড়িয়েছেন, তা অগ্রহণযোগ্য।