দুই মন্ত্রীকে স্বাগত জানাতে সহস্রাধিক শিক্ষার্থী রাস্তায়

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীকে গতকাল বৃহস্পতিবার পৃথক সংবর্ধনা দেওয়া হয়েছে। এর আগে তাঁদের স্বাগত জানাতে সহস্রাধিক স্কুলশিক্ষার্থীকে রাস্তায় নামানো হয়। যদিও শিক্ষার্থীদের এ ধরনের কাজে ব্যবহার না করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশনা রয়েছে।
আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী নিজ গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তরে যাওয়ার পথে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চরবাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কবুতর পয়েন্টে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে স্থানীয় বসুরচর পাঁচগাঁও উচ্চবিদ্যালয়, ৩১ নম্বর চাষীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় একটি কিন্ডার গার্টেনের পাঁচ শতাধিক শিক্ষার্থীকে মহাসড়কের দুই পাশে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়।
মন্ত্রীকে স্বাগত জানানোর উদ্দেশে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টার দিকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়কের উভয় পাশে ফুলের পাপড়ি হাতে দাঁড়িয়ে ছিল। চাষীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর দুই শিক্ষার্থী প্রথম আলোকে বলে, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকতে তাদের ভয় করছে। বসুরচর পাঁচগাঁও উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলে, ‘শিক্ষকদের নির্দেশে আমরা ক্লাস ফেলে এখানে এসেছি।’
স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত বসুরচর পাঁচগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির নির্দেশে আমরা তিনজন শিক্ষক প্রায় ৪৫০ শিক্ষার্থীকে নিয়ে এ অনুষ্ঠানে এসেছি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নায়ার সুলতানা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল হক মিঞা মুঠোফোনে জানান, মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাঠানোর বিষয়টি সম্পর্কে তাঁরা কিছু জানেন না।
এদিকে ফরিদপুর শহরের আলীপুর মোড়ে গতকাল বিকেলে সংবর্ধনা দেওয়া হয় প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফকে। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই দৌলতদিয়া-পাটুরিয়ার পথে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে। এরপর থেকে আমি ফরিদপুরে স্থায়ীভাবে বসবাস করে প্রতিদিন ঢাকায় অফিস করব।’
জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিলাত, মন্ত্রীর ভাই খন্দকার মোহতাশেম হোসেন, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী প্রমুখ।
এর আগে মন্ত্রীকে স্বাগত জানাতে সদর উপজেলার কোমরপুর এলাকায় আবদুল আজিজ ইনস্টিটিউটের পাঁচ শতাধিক শিক্ষার্থীকে ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশে দাঁড় করিয়ে রাখা হয়। তাদের সেখানে বেলা আড়াইটার দিকে আনা হয়। মন্ত্রী ওই এলাকা আতিক্রম করেন বেলা পৌনে চারটার দিকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমাদের বিদ্যালয়ে একটি পাকা ভবন নির্মাণ করা প্রয়োজন। ভবিষ্যতে এ ব্যাপারে মন্ত্রীর সঙ্গে কথা বলতে সুবিধা হবে বিধায় শিক্ষার্থীদের নিয়ে মহাসড়কে দাঁড়িয়েছি।’
মন্ত্রীর এ সংবর্ধনা উপলক্ষে জেলার গোয়ালন্দের মোড় থেকে ফরিদপুর শহরের টেপাখোলা পর্যন্ত ২৮টি তোরণ নির্মাণ করা হয়।