দুই মন্ত্রীকে হাজির হতে হবে ২০ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল আদালত থেকে বেরিয়ে আসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক l ছবি: প্রথম আলো
গতকাল আদালত থেকে বেরিয়ে আসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক l ছবি: প্রথম আলো

আদালত অবমাননার অভিযোগে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আদালতে হাজির হতে হবে ২০ মার্চ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের নয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল মঙ্গলবার এই তারিখ ঠিক করেছেন।
আপিল বিভাগে হাজির হয়ে দুই মন্ত্রীর ব্যাখ্যা দেওয়ার জন্য নির্ধারিত দিন ছিল গতকাল মঙ্গলবার। তবে সকালে আদালতে উপস্থিত হন শুধু মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। সরকারি কাজে বিদেশে থাকায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ছিলেন না।
দুই মন্ত্রীর পক্ষে আদালতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক ও আবদুল বাসেত মজুমদার। তাঁরা বলেন, মোজাম্মেল হকও তাঁর বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। কামরুল ইসলাম সরকারি কাজে বিদেশে আছেন। তিনি ১৬ মার্চ বিকেলে ফিরবেন। তাঁরা ১৬ মার্চের পর যেকোনো দিন শুনানির দিন নির্ধারণের আরজি জানান।
পরে আদালত শুনানির জন্য নতুন তারিখ ঠিক করে দিয়ে বলেন, ওই দিন দুই মন্ত্রীকে আপিল বিভাগে হাজির হতে হবে।
প্রধান বিচারপতিকে নিয়ে কামরুল ইসলাম ও মোজাম্মেল হকের বক্তব্যের জন্য ৮ মার্চ আপিল বিভাগ তাঁদের তলব করেন। একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগে তাঁদের বিরুদ্ধে কেন কার্যক্রম শুরু করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন। গতকাল দুই মন্ত্রী তাঁদের বক্তব্যের জন্য আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে ব্যাখ্যা জমা দেন।
৫ মার্চ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত গোলটেবিল আলোচনায় খাদ্যমন্ত্রী একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আদেশ পাওয়া মীর কাসেম আলীর আপিল মামলা পুনঃশুনানির দাবি জানান। ওই শুনানিতে প্রধান বিচারপতি ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেলকে অংশ না নেওয়ার পরামর্শ দেন তিনি। একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীও প্রধান বিচারপতিকে নিয়ে কিছু মন্তব্য করেন।