দুই মন্ত্রীর অবস্থান কিছুটা হলেও নড়বড়ে হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতিকে লক্ষ্য করে দুই মন্ত্রীর মন্তব্য ‘অবিবেচনাপ্রসূত’ বলে মনে করছেন সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা। এর ফলে দল ও সরকারে এ দুই মন্ত্রীর অবস্থান কিছুটা হলেও নড়বড়ে হয়েছে বলে তাঁদের ধারণা।
একজন জ্যেষ্ঠ নেতা প্রথম আলোকে বলেন, মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর পক্ষ থেকে বিচার ঠেকানোর অনেক চেষ্টা করা হয়েছে। তাই এ নিয়ে কৌশলী রাজনৈতিক চাপ তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু দুই মন্ত্রী যেভাবে প্রধান বিচারপতির সমালোচনা করেছেন, তাতে মনে হতে পারে সরকার বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চায়।
ওই নেতা বলেন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সরকারের শীর্ষ পর্যায়ের মনোভাব বুঝে আগেও বিভিন্ন ইস্যুতে বক্তব্য দিয়ে আলোচিত হয়েছেন। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আগপিছ না ভেবে হাওয়ায় গা ভাসিয়েছেন। এটা প্রধানমন্ত্রীকে ক্ষুব্ধ করেছে এবং মন্ত্রিসভার বৈঠকে তিনি তা প্রকাশও করেছেন।
জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, বিচার বিভাগ বিচার বিভাগের কাজ করছে। আর সরকারের কাজ সরকারের। দুই মন্ত্রীর বক্তব্যের বিষয়টি প্রধানমন্ত্রী ভালোভাবে নেননি।
গত শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত গোলটেবিল বৈঠকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর মামলার পুনঃশুনানি দাবি করেন। এই শুনানিতে প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলকে অংশ না নেওয়ারও পরামর্শ দেন তিনি। একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকও প্রধান বিচারপতিকে নিয়ে কিছু মন্তব্য করেন। পরদিন নিজের কথার পুনরাবৃত্তি করেন কামরুল ইসলাম। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখেন। তার আগে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ দুই মন্ত্রীর প্রতি আদালত অবমাননার রুল দিয়ে তাঁদের তলব করেন। ১৫ মার্চ সকাল নয়টায় দুই মন্ত্রীকে আপিল বিভাগে হাজির হয়ে তাঁদের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, এর আগে অবসরের পরে বিচারপতিদের রায় লেখা যাবে কি যাবে না—এ নিয়ে প্রধান বিচারপতি ও অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মধ্যে যে সমস্যা তৈরি হয়েছিল, এর সমাধানে সরকারের উচ্চপর্যায় থেকে উদ্যোগ নেওয়া হয়। ওই বিতর্ক কাটতে না কাটতেই দুই মন্ত্রী নতুন বিতর্কের জন্ম দিয়েছেন, যা সরকার ও দলের জন্য অস্বস্তিকর।
সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানায়, প্রধানমন্ত্রী দুই মন্ত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করার পর বিষয়টা হয়তো আর এগোবে না। আপিল বিভাগও হয়তো দুই মন্ত্রীর ব্যাখ্যা পেলে আর কঠোর অবস্থানে থাকবেন না। তবে এসব বিষয়ে মন্ত্রীদের সব সময়ই সতর্ক থাকা উচিত। ওই সূত্র জানায়, গম কেলেঙ্কারির কারণে এমনিতেই খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বেকায়দায় আছেন। এ অবস্থায় এতটা আক্রমণাত্মক হওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না কেউ। তবে তাঁর ঘনিষ্ঠ একজন নেতা বলেন, কামরুল ইসলাম না জেনেবুঝেই বক্তব্য দিয়েছেন, সেটা ভাবা কঠিন। তবে তাঁর কথা বলার ধরন ঠিক হয়নি।