দুই মন্ত্রীর আদালত অবমাননার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননায় দুই মন্ত্রীকে জরিমানা করে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৫৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়।

রায়ে বলা হয়, সংবিধান অনুসারে আইনের শাসন সুরক্ষায় বিবাদীরা (দুই মন্ত্রী) অবহেলা করেছেন। আমাদের কোনো সন্দেহ নেই যে বিবাদীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বক্তব্য রেখেছেন। তাঁরা দোষও স্বীকার করেছেন। তাঁরা আইনভঙ্গের মতো কাজ করেছেন। সংবিধান সমুন্নত রাখার দায়িত্ব পালনে শপথ ভঙ্গ করেছেন। বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে এই প্রতিষ্ঠানকে খাটো করেছেন।
আদালত অবমাননার দায়ে গত ২৭ মার্চ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে দোষী সাব্যস্ত করেন দেশের সর্বোচ্চ আদালত। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট সদস্যের বেঞ্চ ওই আদেশ দেন।


রায় লিখেছেন আপিল বিভাগের বিচারপতি ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আদালত অবমাননায় দুই মন্ত্রীকে দোষী সাব্যস্ত করে জরিমানার ব্যাপারে আট বিচারপতি একমত প্রকাশ ক​রলেও শপথ ভঙ্গের ব্যাপারে তাঁরা ভিন্নমত প্রকাশ করেন। এর মধ্যে শপথ ভঙ্গের বিষয়ে বিচারপতি ইমান আলীর লেখা রায়ে একমত পোষণ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া, বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার। অন্যদিকে এ বিষ​য়ে ভিন্নমত প্রকাশ করে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর দেওয়া রায়ে একমত পোষণ করেছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি নিজামুল হক। এ বিষয়ে রায়ে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, বিবাদীরা শপথ ভ​ঙ্গ করেছেন এ মতের সঙ্গে আমরা একমত পোষণ করতে অপারগ। কারণ, শপথ ভঙ্গ করার বিষয়টি এখানে বিচার্য ছিল না। এ বিষয়ে বিবাদীদের কোনো নোটিশও দেওয়া হয়নি। তাঁরা এখন মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে রয়েছেন। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তাঁরা আদালত অবমাননা করেছেন কি করেন​নি, তা বিচার্য বিষয় ছিল।


৫ মার্চ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক গোলটেবিল আলোচনায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আদেশ পাওয়া মীর কাসেম আলীর আপিল মামলা পুনরায় শুনানির দাবি জানান। ওই শুনানিতে প্রধান বিচারপতি ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেলকে অংশ না নেওয়ার পরামর্শ দেন তিনি। একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকও প্রধান বিচারপতিকে নিয়ে কিছু মন্তব্য করেন।