দুই মন্ত্রীর সঙ্গে ব্রিটিশ প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে গতকাল রোববার সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রোরি স্টুয়ার্ট। আইনমন্ত্রীর সঙ্গে তিনি সচিবালয়ে দেখা করেন। আর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়।
রোরি স্টুয়ার্টের সঙ্গে সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাজ্যে দুজন যুদ্ধাপরাধী আছেন, যাঁদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজা দিয়েছেন। আমি আগ্রহ প্রকাশ করে বলেছি, এই দুই যুদ্ধাপরাধীকে ফিরিয়ে আনার বিষয়ে আলাপ-আলোচনার সময় হয়েছে। এ ব্যাপারে তারাও আগ্রহ প্রকাশ করেছে এবং আলোচনা খুব শিগগিরই শুরু হবে।’
কোন দুই মানবতাবিরোধী অপরাধী যুক্তরাজ্যে পালিয়ে আছেন, তা বলেননি মন্ত্রী। তবে আইন মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা জানান, চৌধুরী মুঈনুদ্দীন ও আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে তাঁদের কাছে খবর আছে।
এদিকে বার্তা সংস্থা ইউএনবি জানায়, ব্রেক্সিটের (যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ) বিষয়টি সুরাহা হওয়ার পর যুক্তরাজ্যে বাংলাদেশের শুল্কমুক্ত বাণিজ্যের সুবিধা অব্যাহত রাখতে রোরি স্টুয়ার্টের মাধ্যমে তাঁর দেশের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এ সময় তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন।
রোরি স্টুয়ার্ট পররাষ্ট্রমন্ত্রীকে জানান, সংস্কারকাজের জন্য ব্রিটিশ কাউন্সিল সাময়িক বন্ধ রয়েছে। খুব শিগগির এ কাউন্সিল আবার তার কার্যক্রম শুরু করবে।