দুই মন্ত্রীর সাজায় সরকারের ক্ষতি হয়েছে: সুরঞ্জিত
আদালত অবমাননার দায়ে দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হকের সাজা হওয়ায় সরকারের অনেক ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন আইন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। গতকাল বুধবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তার আগে সংসদ ভবনে আইন, বিচার ও সংসদ-বিষয়ক সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সুরঞ্জিত বলেন, ‘দুই মন্ত্রীর ঘটনায় বর্তমান সরকার, সবারই বহুত ক্ষতি হয়েছে। ন্যায়নিষ্ঠার ওপরে কেউ নন। সবাইকে ন্যায়নিষ্ঠার মধ্যে থেকেই কাজ করতে হবে। বিচারও হতে হবে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে। আমার হাতে ক্ষমতা থাকলেই আমি যা ইচ্ছা তা-ই করতে পারি না। এসব বিষয় নিয়ে যিনি দায়িত্বে আছেন বা যাঁরা ক্ষমতায় আছেন, তাঁদের আরও বেশি করে ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
অভিযুক্ত হওয়ার দুই মন্ত্রীর পদে থাকা যৌক্তিক কি না, এমন প্রশ্নে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমি এই বিতর্কে জড়াতে চাই না। তবে সবাই নৈতিকভাবে রাষ্ট্র ও সমাজের কাছে দায়বদ্ধ। পদত্যাগ করা না-করা নৈতিকতার ওপর নির্ভর করে।’
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নেতা মীর কাশেম আলীর রায় বের হওয়ার আগেই এ সম্পর্কে মন্তব্য করায় আদালত গত রোববার দুই মন্ত্রীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।