দুই মন্দির ও এক বাড়িতে ভাঙচুর, আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গত মঙ্গলবার রাতে কালীমন্দিরে আগুন ও প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুরের রায়পুরে একই রাতে আগুন দেওয়া হয়েছে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির বাড়িতে। আর সাতক্ষীরা শহরের পলাশপোল সবুজবাগ এলাকার হিন্দু সম্প্রদায়ের ২০টি পরিবারকে হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

পাবনায় প্রতিমা ভাঙচুর: চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের করকোলা গ্রামের নিশিপাড়া বারোয়ারি কালীমন্দিরে মঙ্গলবার সন্ধ্যায় পূজা অর্চনা শেষে মন্দির তালা দিয়ে সবাই চলে যান। ভোরে লোকজন পূজা দিতে এসে মন্দিরের তালা ভাঙা এবং ভেতরে ছয়টি প্রতিমা ভাঙা দেখেন।

মন্দিরের সভাপতি ক্ষিতীশ চন্দ্র দাস জানান, বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানানো হয়েছে। জেলা প্রশাসন মন্দির সংস্কারের জন্য ৪০ হাজার টাকা অনুদান দিয়েছে। পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক আজমল হোসেন বলেন, যত দ্রুত সম্ভব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা হবে।

লোহাগাড়ায় মন্দিরে আগুন: লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া সেনের হাট বণিক পাড়ার শ্রী তপোবন রক্ষা কালীমন্দিরে মঙ্গলবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশাল ধর জানান, রাত ১২টা পর্যন্ত লোকজন মন্দির পাহারা দিয়ে বাড়িতে চলে যায়। সকালে একজন মন্দির পরিষ্কার করতে গিয়ে দেখেন রাতের বেলা মন্দিরে আগুন দেওয়া হয়েছে। মন্দিরের দুটি প্রতিমা, আসবাব, ঢোল ও দেয়ালের অংশ পুড়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিজনূর রহমান জানান, ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

রায়পুরে হিন্দু বাড়িতে আগুন: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উদমারা গ্রামে মঙ্গলবার রাতে দেবব্রত মজুমদারের একটি ঘরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে ঘরের দুটি টিনের বেড়ার অল্প কিছু অংশ পুড়ে যায়। দেবব্রত মজুমদার বলেন, একদল দুর্বৃত্ত রাতে কোরোসিন তেল ঢেলে তাঁদের ঘরে আগুন দেয়। আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত তা নিয়ন্ত্রণে আনে।

ওসি রূপক কুমার জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে চরলক্ষ্মী গ্রামের রাছেল হোসেনকে (২৫) আটক করা হয়েছে।

সাতক্ষীরায় ২০টি পরিবারকে হুমকি: সাতক্ষীরা শহরের পলাশপোল সবুজবাগ এলাকার হিন্দু সম্প্রদায়ের ২০টি পরিবারকে হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে চিঠিগুলো এসব পরিবারের কাছে পৌঁছায়।

ডাক বিভাগের সরকারি খামে প্রেরকের স্থানে লেখা রয়েছে ‘মানবাধিকার সংঘ, সাতক্ষীরা’। খামের ওপরে আছে খুলনা জিপিও নৈশ টিএসওর সিল। তবে সিল অস্পষ্ট থাকায় পাঠানোর তারিখ বোঝা যাচ্ছে না।

সবুজবাগ এলাকার রঘুনাথ মণ্ডল, অরুণ কুমার সরকার, তপন কুণ্ডু, তপন দাস, কমলেশ ঘোষ, স্বপন সানা, দুলাল চন্দ্র সরকার, স্বরবিন্দু মণ্ডল, সনাতন শীল, কান্তিলাল সরকার, বাপ্পা দে, সোনা, সমীর সরকার, পরিতোষ বোস, রবিন সরকার, স্বপন স্বর্ণকার, প্রসেনজিৎ চক্রবর্তী, চিত্রলেখা বোস, মঙ্গল সরকার ও বিমল মণ্ডলের বাড়িতে ডাকযোগে পৌঁছেছে ওই চিঠি। এর পর থেকে ওই সব পরিবারের লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন।

হাতে লেখা চিঠিতে বলা হয়েছে, ‘জনাব দীর্ঘ দিন তো হয়ে গেল। এবার আর নয়। রামরাজত্ব তো বহুদিন করলেন। এবার রাজত্ব ছেড়ে পারেন আর বিক্রয় করে পারেন। রাজত্ব আপনাকে ছাড়তেই হবে। এবারকার মতো সহজে বুঝালাম। পরে কিন্তু আর সহজে বুঝাব না।’

সদর থানার ওসি ইনামুল হক জানান, হুমকির চিঠি পাওয়া ২০টি পরিবারের পক্ষে অরুণ কুমার সরকার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছে।