দুই মন্দিরে প্রতিমা ভাঙচুর

নেত্রকোনায় গতকাল বৃহস্পতিবার দিনে ও রাতে দুটি কালীমন্দিরে ১০টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। পৌর এলাকার নদীর পাড় সাতপাইয়ে একতা সংঘের কালীমন্দিরে ও শহরতলির বড়গাড়া গোপালপুর শ্মশানঘাট কালীমন্দিরে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একতা সংঘের কালীমন্দিরে গতকাল রাতে দুর্বৃত্তরা মন্দিরের ভেতরে গিয়ে কালী, সরস্বতী, শিবসহ কয়েকটি প্রতিমার মাথা ও বিভিন্ন অংশ ভাঙচুর করে।
আজ শুক্রবার সকালে খবর পেয়ে মন্দিরের সভাপতি ভজন চন্দ্র দাশ বিষয়টি পুলিশ ও প্রশাসনসহ সংশ্লিষ্টদের অবহিত করেন। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ পূজা উদযাপন কমিটির লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভজন চন্দ্র দাশ বলেন, ‘রাতের আঁধারে কে বা কারা প্রতিমা ভাঙচুর করেছে। মন্দিরের উন্নয়নকাজ চলছে। এ কাজকে বাধাগ্রস্ত করতে এ ঘটনা ঘটে থাকতে পারে। ’
অন্যদিকে গতকাল বিকেল চারটা-পাঁচটার দিকে শ্মশানঘাট কালীমন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে তিনটি প্রতিমার মাথা ও অন্য দুটি প্রতিমার শরীরের বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ দুপুরে সাংবাদিকদের বলেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্দির দুটি পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনো কোনো মন্দিরের লোকজন মামলা করেননি। এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি।