দুই মলাটে 'বেলা অবেলা সারাবেলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাদুজ্জামান নূর সম্পাদিত বেলা অবেলা সারাবেলা গ্রন্থে​র প্রকাশনা অনুষ্ঠানে (বাঁ থেকে) ফেরদৌসী মজুমদার, আবুল মাল আবদুল মুহিত, আনিসুজ্জামান, আবদুল্লাহ আবু সায়ীদ ও আসাদুজ্জামান নূর। ছবিটি গতকাল সন্ধ্যায় বাংলা একাডেমি মিলনায়তন থেকে তোলা l প্রথম আলো
আসাদুজ্জামান নূর সম্পাদিত বেলা অবেলা সারাবেলা গ্রন্থে​র প্রকাশনা অনুষ্ঠানে (বাঁ থেকে) ফেরদৌসী মজুমদার, আবুল মাল আবদুল মুহিত, আনিসুজ্জামান, আবদুল্লাহ আবু সায়ীদ ও আসাদুজ্জামান নূর। ছবিটি গতকাল সন্ধ্যায় বাংলা একাডেমি মিলনায়তন থেকে তোলা l প্রথম আলো

প্রথমে বিষয়টি ছিল শুধু টেলিভিশনের পর্দার জন্য। সম্পর্ক ছিল দর্শকের সঙ্গে। যেখানে কথা বলেছেন দেশের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত বরেণ্য ব্যক্তিত্বরা। তাঁদের সাক্ষাৎকার নিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সেই কথোপকথন এবার দুই মলাটে বন্দী হলো বেলা অবেলা সারাবেলা নাম নিয়ে। সম্পর্ক তৈরি হলো বই আর পাঠকের মাঝে।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সম্পাদিত বেলা অবেলা সারাবেলা বইটির প্রকাশনা অনুষ্ঠান হয় গতকাল রোববার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে বইটি নিয়ে আলোচনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও নাট্যজন ফেরদৌসী মজুমদার।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এই সাক্ষাৎকার দেখে এবং পড়ে আমার মনে হলো, পুরো জীবনটি আমার সামনে চলে এসেছে।’ নিজের সাক্ষাৎকারটি তিন দিন ধরে নেওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘এটি উপস্থাপক আসাদুজ্জামান নূরের কৃতিত্ব। তিনি নিজে কথা কম বলেন, কিন্তু অন্যের কথাকে ঠিকই বের করে আনেন। তাঁর উপস্থাপনার ধরন এমন যে কথা বলতে বেশ ভালো লাগে।’

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘যাঁরা এঁদের সম্পর্কে বা এ সময় সম্পর্কে জানতে চাইবেন, তাঁদের জন্য এই বই ব্যবহার করা খুবই প্রয়োজন। এদিক থেকে নূর একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন।’

সংস্কৃতিমন্ত্রী ২৩০ জনের বেশি মানুষের সাক্ষাৎ নেওয়ার তথ্য দিয়ে বলেন, ‘আমি কাজটি পাঁচ বছর ধরে করছি। জেনেছি সফল এসব মানুষের জীবনের অনেক অজানা কথা। কখনো ভীষণ আনন্দ পেয়েছি। কখনো আবার বেদনায় মর্মাহত হয়েছি।’ রসিকতা করে তিনি বলেন, ‘আমি লেখক নই, লিখতেও পারি না। এক বইয়ের মলাটে আমার নাম থাকল, এটাও অনেক আনন্দের।’

আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘এটা একটা বড় কাজ। এই বইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের যুগকে, আমাদের ইতিহাসকে আমরা ভবিষ্যৎ কালেও দেখতে পাব। একটা বিরাট চেহারায় দেখতে পাব।’

ফেরদৌসী মজুমদার সংস্কৃতিমন্ত্রীর অভিনয়ের প্রশংসা করে জানান, তিনি সাধারণত কাউকে সাক্ষাৎকার দেন না। কিন্তু নূর যখন ডেকেছেন, তখন না করতে পারেননি।

অনুষ্ঠানে আরও কথা বলেন সময় প্রকাশনের কর্ণধার ফরিদ আহমেদ, দেশ টিভির উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান ও টেলিভিশন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বিএসআরএমের প্রতিনিধি কাজী আনোয়ার আহমেদ।

সময় প্রকাশন থেকে আসা বইটির প্রথম দুই খণ্ডে ২৫ জন বরেণ্য ব্যক্তির সাক্ষাৎকার রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিনোদবিহারী চৌধুরী, সোহরাব হোসেন, নূরজাহান বেগম, ফয়েজ আহমদ, মুস্তাফা নূরউল ইসলাম, ফিরোজা বেগম, কাইয়ুম চৌধুরী, আবুল মাল আবদুল মুহিত, ড. আনিসুজ্জামান, ড. কামাল হোসেন, মুস্তাফা মনোয়ার, ফেরদৌসী রহমান, রোকিয়া আফজাল রহমান, তোফায়েল আহমেদ, আলী যাকের, নির্মলেন্দু গ‌ুণ, জয় গোস্বামী, জাতীয় অধ্যাপক এম আর খান, সুধীন দাশ, সন্‌জীদা খাতুন, ব্যারিস্টার রফিক-উল হক।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠান ‘বেলা অবেলা সারাবেলা’ প্রচারিত হয় দেশ টিভিতে।