দুই মহল্লার বাসিন্দাদের সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের পৌর এলাকার ধোপাপাড়া ও একডালা মহল্লার বাসিন্দাদের মধ্যে দুই দফা সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় ছয়জনকে আটক করেছে। সংঘর্ষের সময় দুটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাসুদেব সিনহা বলেন, গত সোমবার বিকেলে শহরের কালিবাড়ী এলাকায় মেলায় ধোপাপাড়া ও একডালা মহল্লার দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারি হয়। এ ঘটনার জের ধরে উভয় মহল্লার লোকজন রাতে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১৫ জন আহত হয়। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার সকালে উভয় মহল্লার লোকজন দ্বিতীয় দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গিয়ে লাঠিপেটা করে। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে যে ছয়জনকে আটক করেছে তাঁরা হলেন আজগর আলী, নোমান হোসেন, আরাফাত রহমান, নজরুল ইসলাম, আমিনুল ইসলাম ও আবদুর রহমান। সদর থানার ওসি মোস্তফা হারুন বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।