দুই মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ও চান্দিনায় গত রবি ও গতকাল সোমবার তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে যাত্রীরা ভোগান্তির শিকার হন। এ ছাড়া গরু নিয়ে আসা ব্যবসায়ীরাও দুর্ভোগের শিকার হন।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, রোববার রাত দুইটার দিকে মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পর থেকে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি সড়কের ওপর পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে তা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়। গতকাল ভোর পৌনে ছয়টার দিকে পুলিশ রেকার দিয়ে বাস ও ট্রাক রাস্তার ওপর থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়। তবে মহাসড়কে পশুবাহী ট্রাকের চাপ বেশি থাকায় বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রংপুর থেকে ঢাকাগামী বাসের চালক জহিরুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি রওনা হন। রাত সাড়ে তিনটার দিকে ঢাকায় পৌঁছার কথা থাকলেও গতকাল সকাল সাতটায় তিনি মির্জাপুর অতিক্রম করেন। তিনি এলেঙ্গা এলাকায় যানজটে পড়েন।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ট্রাকচালকেরা চাকা থামলেই ঘুমিয়ে পড়েন। এ কারণে যানজট লাগে। পুলিশ যানজট নিরসনে দিনভর পরিশ্রম করছে।

হাইওয়ে পুলিশ ও যাত্রীরা জানান, গতকাল ভোর চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এবং চান্দিনা উপজেলার মাধাইয়ায় গরুবাহী দুটি ট্রাক বিকল হয়। একই সময়ে চান্দিনার কুটুম্বপুরে ঢাকাগামী একটি বাস বিকল হয়। এতে মহাসড়কে চান্দিনা বাসস্ট্যান্ড এলাকা থেকে দাউদকান্দি উপজেলার শহীদনগর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. আর্শাদ বলেন, বিকল তিনটি গাড়ি আধা ঘণ্টার মধ্যে সরানো হয়েছে। ঈদের আগে যানবাহনের চাপ, মহাসড়কের দাউদকান্দির তিনটি অংশে গর্ত থাকায় এবং নিয়ম না মেনে যানবাহন চলাচল করায় যানজটের সৃষ্টি হয়েছে।

কয়েক দিনের টানা বর্ষণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার আমিরাবাদ, হরিপুর, জিংলাতলীতে গর্ত সৃষ্টি হয়। গর্তগুলো এখনো মেরামত করা হয়নি। ওই মহাসড়কের চার লেন প্রকল্পের উপপ্রকল্প ব্যবস্থাপক জয়প্রদ মণ্ডল বলেন, বৃষ্টির কারণে মহাসড়কে সৃষ্টি হওয়া গর্ত মেরামত করা যাচ্ছে না।