দুই মহাসড়ক যানজটে স্থবির
গতকাল শুক্রবার সকাল ছয়টায় শেষ। আজ শনিবার সকাল ছয়টায় আবার অবরোধ শুরু। মাঝে মাত্র ২৪ ঘণ্টা। দেশের আতঙ্কিত মানুষ এই সময়টুকুই বেছে নেয় ঘর থেকে গন্তব্যে যেতে। কিন্তু সেখানেও বিপত্তি। মহাসড়কে তীব্র যানজট।
অতিরিক্ত যানবাহনের চাপ। সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। তা ছাড়া গাড়িচালকদের বিশৃঙ্খলা তো আছেই। সিরাজগঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়ক, ঢাকা-রাজশাহী মহাসড়ক ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ও চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় ধরে রাস্তায় আটকে থেকে যাত্রীরা দুর্ভোগের শিকার হন। গত বৃহস্পতিবার রাত থেকেই শুরু এই বিপর্যয়। যানজটের কারণে আজ অবরোধ কর্মসূচি শুরুর আগেই গন্তব্যে পৌঁছতে পারবেন কি না, সেই শঙ্কা যাত্রীদের।
সিরাজগঞ্জে ৫৭ কিলোমিটার যানজট: ১৮-দলীয় জোটের চতুর্থ দফা অবরোধ শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার বিকেল থেকে মহাসড়কে যানবাহনের চাপ। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে পণ্য ও সবজিবোঝাই অসংখ্য ট্রাক ঢাকার উদ্দেশে আসতে শুরু করে। গতকাল সকালে বাড়তে থাকে যাত্রীবাহী কোচ ও বাসের চাপ। এতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ রাজশাহী ও বগুড়ামুখী দুটি মহাসড়কেই সৃষ্টি হয় যানজট।
ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল থেকে মহিষলুটি পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার, ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল থেকে চান্দাইকোনা পর্যন্ত ১৯ কিলোমিটার এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সেতুর পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সেতুর পশ্চিম পাড়ের ৪ নম্বর কালভার্টটি মেরামত করায় এবং উভয় পাশ থেকে অতিরিক্ত যানবাহন আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে কোনো গাড়ি দাঁড়িয়ে থাকেনি। ধীরগতিতে হলেও চলাচল করেছে।
ঢাকাগামী সুবর্ণ পরিবহনের বাসচালক মোকামেঞ্চল হক জানান, এলোপাতাড়িভাবে যানবাহন চলাচল করায়ও যানজটের সৃষ্টি হয়েছে।
গত রাত ১০টার আগে গোলচত্বরসহ বাকি সড়কগুলো স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহমেদ।
কুমিল্লায় স্থবির ৫০ কিলোমিটার: মহাসড়ক পুলিশ, যাত্রী সাধারণ ও গাড়িচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লার সেনানিবাস এলাকায় ঢাকাগামী একটি ট্রাক দুর্ঘটনাকবলিত হয়। এতে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে দাউদকান্দি বিশ্বরোড পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর ময়নামতি থানার মহাসড়ক পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেয়।
কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের বাসযাত্রী রুনা লায়লা জানান, ভোর ছয়টায় তিনি কুমিল্লা থেকে রওনা দেন। ৫০ কিলোমিটার অতিক্রম করতেই তাঁর ছয় ঘণ্টার বেশি সময় লেগেছে।
সীতাকুণ্ডে ১৩ কিলোমিটারে বিপর্যয়: গতকাল দুপুরের পর থেকেই সীতাকুণ্ডের মাদামবিবিরহাট ও জলিল গেট এলাকায় তীব্র যানজট দেখা দেয়। হাইওয়ে পুলিশ জানায়, সপ্তাহব্যাপী অবরোধ শেষে আবারও অবরোধের ঘোষণা আসায় বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও কনটেইনারবাহী লড়িসহ সব ধরনের যানবাহনের চাপ বেড়েছে। তা ছাড়া দীর্ঘদিন ধরেও রাস্তার সংস্কারকাজ শেষ না হওয়ায় মাদামবিবিরহাট ও জলিল গেট এলাকায় ধীরগতিতে গাড়ি চালাতে গিয়ে যানজটের সৃষ্টি হয়েছে।
বিকেল পাঁচটায় সীতাকুণ্ড থেকে অটোরিকশায় করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন ব্যবসায়ী সৌমিত্র চক্রবর্তী। দুই ঘণ্টায়ও তিনি ভাটিয়ারী অতিক্রম করতে পারেননি। সাধারণত এই পথ পাড়ি দিতে আধা ঘণ্টা সময় লাগে বলে তিনি মুঠোফোনে জানান।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. কবির বলেন, সীতাকুণ্ডের বগুলা বাজার থেকে জলিল গেট পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে রাত আটটা পর্যন্ত যানজট লেগে ছিল। পরিস্থিতি স্বাভাবিক হতে গভীর রাত লেগে যেতে পারে।