দুই মহাসড়কে গাড়ির চাপ, বঙ্গবন্ধু সেতুতে তীব্র জট
ঈদ উপলক্ষে মহাসড়কগুলোতে ঘরে ফেরা মানুষের চাপ রয়েছে এখনো। আজ রোববার সকাল সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল পর্যন্ত ঢাকা-বগুড়া মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে কিছুটা যানজট দেখা গেছে। মির্জাপুর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলছে ধীরগতিতে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়ির প্রচুর চাপ থাকলেও কোথাও কোনো যানজট লাগেনি। দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গতকাল শনিবার থেকে কোনো যানজট নেই।
আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী মহাসড়কগুলোর বর্তমান অবস্থা:
ঢাকা-বগুড়া মহাসড়ক
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদির জিলানি প্রথম আলোকে বলেন, থেমে থেমে গাড়ি চলছে। হাটিকুমরুল মোড়ে যানবাহনের ধীরগতি, যাত্রী ওঠানামা, উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দি সেতুর ভাঙা রেলিং আর কামারখন্দ উপজেলার নলকা সেতুর গর্তের কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট কেটে যাবে বলে জানান তিনি।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
মির্জাপুরের গোড়াই থেকে জামুর্কী পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার এলাকায় আজ রোববার সকাল নয়টা পর্যন্ত যানবাহনের প্রচুর চাপ দেখা যাচ্ছে। খুব ধীরগতিতে মহাসড়কের এই অংশে গাড়ি চলছে।
মির্জাপুরের ট্রাফিক সার্জেন্ট প্রণব কুমার সরকার জানান, সকাল সোয়া সাতটার দিকে মহাসড়কের শুভুল্লা ও কদিমধল্লাহতে দুটি ট্রাক বিকল হয়ে পড়লে যান চলাচলে বিঘ্ন ঘটে। এতে কিছুটা যানজট সৃষ্টি হয়। আটটা থেকে সোয়া আটটার মধ্যে পুলিশ ট্রাক দুটি সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, গাজীপুরের ভোগরা থেকে কোনাবাড়ী, মৌচাক, শফিপুর ও চন্দ্রার ত্রিমোড়সহ গাজীপুর অংশের পুরোটাই ফাঁকা। সকাল নয়টা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।
গাজীপুরের নাওজোর হাইওয়ে থানার ওসি আবদুল হাই বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক আছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
দাউদকান্দি উপজেলার টোল প্লাজা এলাকায় গতকাল থেকে কোনো যানজট নেই। গত শুক্রবার দিবাগত রাত একটা থেকে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ করে দেয় হাইওয়ে পুলিশ। মহাসড়কে পুলিশের ব্যাপক তৎপরতা থাকায় গতকাল সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত রয়েছে। আজ সকাল নয়টায় এই মহাসড়কে কোনো যান থেমে থাকতে দেখা যায়নি।
হাইওয়ে পুলিশের কুমিল্লা জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমতউল্লাহ বলেন, ঘরমুখী মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে, হাইওয়ে পুলিশের তৎপরতা রয়েছে। যানজট নিরসনের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও মলম পার্টির তৎপরতা বন্ধকরণে উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
দুই মহাসড়কে গাড়ির চাপ থাকলেও জট নেই