দুই মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে তিন চাকার যানবাহন এবং খুলনা নগরের দুটি সড়কে ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ এ বিষয়ে জনগণকে সচেতন করতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে মাইকিং করছে।
গতকাল দুপুরে কুমিল্লা নগরের কান্দিরপাড়ে মাইকিং করে জানানো হয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল করতে পারবে না। এই সড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশা, টমটম, ভটভটি ও ইজিবাইক নিষিদ্ধ। যারা এই আদেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ও মহাসড়ক পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফ উদ্দিন জানান, মহাসড়কে থ্রি-হুইলার চলাচলে নিষেধাজ্ঞার ব্যাপারে জনগণকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। খুলনায় ইজিবাইক নিষিদ্ধ সড়ক দুটি হলো নগরের রূপসা ট্রাফিক মোড় থেকে পিটিআই, রয়েল মোড়, শান্তিধাম মোড় ও ফেরিঘাট মোড় হয়ে জোড়াগেট পর্যন্ত এবং রূপসা ট্রাফিক মোড় থেকে কাস্টম ঘাট, খুলনা ক্লাব মোড় ও পিকচার প্যালেস মোড় হয়ে ডাকবাংলো ফেরিঘাট পর্যন্ত সড়ক। সড়ক দুটিতে ইজিবাইক বন্ধে মেট্রোপলিটন পুলিশ ১৫ মে থেকে মাইকিং করছে। গতকাল মাইকিং শুরু করেছে খুলনা সিটি করপোরেশন। কাল শুক্রবার থেকে এই দুই সড়কে ইজিবাইক চললে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে আজ বৃহস্পতিবারও মাইকিং করা হবে বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. রফিকুল ইসলাম। খুলনা সিটি করপোরেশনের সম্পত্তি-বিষয়ক কর্মকর্তা (এস্টেট) নুরুজ্জামান তালুকদার জানান, ইজিবাইকের বিরুদ্ধে কাল থেকে মেট্রোপলিটন পুলিশ ও সিটি করপোরেশন একসঙ্গে অভিযান চালাবে।
খুলনা নগরের যানজট ও দুর্ঘটনা রোধে ১১ মে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিভাগীয় কমিশনার আবদুস সালামের সভাপতিত্বে এক সভায় ইজিবাইকের সংখ্যা পাঁচ হাজার করা এবং দুটি সড়কে ইজিবাইক চলাচল নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত হয়।