দুই মহাসড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন দিনের ছুটি পাওয়ায় ঘরমুখো মানুষ আর বনভোজনের গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট চলছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী বলছে, আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সাপ্তাহিক ছুটি। রোববার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। টানা তিন দিনের ছুটি পেয়েছেন চাকরিজীবীরা। এই সুযোগে অনেকে গ্রামের বাড়ি যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার রাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। শীতের শেষদিকে বনভোজনের গাড়িও যাচ্ছে গাজীপুরের বিভিন্ন অবকাশকেন্দ্রে।

কোনাবাড়ী হাইওয়ে পুলিশের পরিদর্শক দাউদ খান বলেন, ভোর পাঁচটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস সড়কের রেললাইনের ওপর উড়ালসড়কে লরি বিকল হয়ে যায়। সকাল নয়টার দিকে লরিটি সরিয়ে নেওয়া হয়। এতে গাজীপুরের ভোগড়া পাইপাস থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, মহাসড়কে যানজট থাকলেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতেই চলছে। তবে যানবাহনের চাপ অন্য দিনের চেয়ে বেশি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক থেকে মদনপুর পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে সকাল ছয়টা থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। কাঁচপুর সেতুর দুই পাশে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রামগামী যাত্রীরা সকাল থেকে দুর্ভোগে পড়েছেন। টানা তিন দিনের ছুটি থাকায় যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় জট সৃষ্টি হয়েছে।