দুই মহাসড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের এক পাশ বন্ধ রেখে ভুলতা ফ্লাইওভার নির্মাণকাজ চলছে। এ কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। গতকাল তোলা ছবি l প্রথম আলো
ঢাকা-সিলেট মহাসড়কের এক পাশ বন্ধ রেখে ভুলতা ফ্লাইওভার নির্মাণকাজ চলছে। এ কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। গতকাল তোলা ছবি l প্রথম আলো

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট ও মদনপুর-ভুলতা-জয়দেবপুর মহাসড়কের গোলকান্দাইল চৌরাস্তা এলাকায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। গতকাল শনিবারও উভয় সড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে শত শত যানবাহন।
যানজটের জন্য ভুলতা ফ্লাইওভার নির্মাণকালে বিকল্প রাস্তা না করা, মহাসড়কে গাড়ি ভাড়া, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা ও ভটভটি স্ট্যান্ড এবং কাঁচাবাজার বসানোকে দায়ী করেছেন এলাকাবাসী ও যানবাহনের চালকেরা। এসব স্ট্যান্ড থেকে পুলিশের বিরুদ্ধে নিয়মিত মাসোহারা আদায়ের অভিযোগও রয়েছে।
পরিবহনের চালক, যাত্রী ও ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, বিকল্প রাস্তা নির্মাণের পর কাজ করার কথা থাকলেও ভুলতা ফ্লাইওভারের ক্ষেত্রে তা মানা হয়নি। এত দিন দুটি সরু রাস্তা দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল করলেও গতকাল শনিবার সকাল থেকে একটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ফলে যানজট তীব্র হয়। গতকাল শনিবার ভোর থেকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া থেকে কর্ণগোপ ও ঢাকা বাইপাস সড়কে শিংলাবো থেকে কাঞ্চন পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
গোলাকান্দাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট শামীম মিয়া বলেন, ভাঙা রাস্তা ও ফ্লাইওভার নির্মাণকাজের জন্য ধীরগতিতে যান চলাচল করছে। এ কারণে যানজটের সৃষ্টি হচ্ছে।
কয়েকজন পরিবহনচালক বলেন, গোলাকান্দাইল চৌরাস্তা হয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন পথে যানবাহন চলাচল করে। ওই এলাকায় ট্রাফিক পুলিশ মালবাহী ট্রাক, ভটভটি, লেগুনা, ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে ঈদ বকশিশের নামে চাঁদাবাজি করছে। ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের গুনতে হচ্ছে ১ হাজার ২০০ টাকা করে। কয়েক দিন ধরে উত্তরবঙ্গ থেকে আসা গরুর ট্রাক থেকে পুলিশ আদায় করছে ২০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত।
গরু বহনকারী কুমিল্লাগামী একটি ট্রাকের চালক মজিবুর রহমান গতকাল বলেন, ‘পুলিশের যন্ত্রণায় গাড়ি চালানো ছেড়ে দিতে হবে। কাগজপত্র দেখার নামে ও ঈদ বকশিশের নামে পথে পথে টাকা দিতে হয়। অন্যথায় ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড় করিয়ে রাখে। চার ঘণ্টায় কাঞ্চন থেকে ভুলতা পার হতে পারছি না।’
একই ধরনের অভিযোগ করেন ট্রাকচালক সুজন মিয়া, ইদ্রিস আলী ও মনির হোসেন। মালবাহী কার্গোর চালক আনিছুর রহমান বলেন, ‘চট্টগ্রাম থেকে মালামাল বোঝাই করে গাজীপুরের উদ্দেশে শুক্রবার রাত ১২টায় রওনা দিয়েছি। রূপগঞ্জের গোলাকান্দাইলে এসে যানজটে আটকা পড়েছি।’
ট্রাফিক পুলিশের পরিদর্শক মাহাবুব আলম বলেন, ওই দুটি মহাসড়ক সরু হওয়ার কারণে এবং মহাসড়কে যানবাহনের অবৈধ স্ট্যান্ড করায় যানজটের সৃষ্টি হয়েছে। ঈদকে ঘিরে এখন সড়কে যানবাহনের চাপও বেশি। পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ঠিক নয়।