দুই মহাসড়কে দিনভর যানজট
ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের কারণে গতকাল শুক্রবার দিনভর অনেক দূরপাল্লার যাত্রীসহ বহু মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে। গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত মহাসড়কে যানবাহন চলেছে থেমে থেমে। অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির রায়পুর থেকে মুন্সিগঞ্জের মেঘনা সেতু পর্যন্ত প্রায় ১৬ ঘণ্টা যানজট ছিল।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। রাত সাড়ে নয়টার দিকে ধেরুয়া এলাকায় দুটি বাস বিকল হলে রাস্তার এক পাশ দিয়ে যানবাহন চলছিল। এরপর কালিয়াকৈর সেতুর কাছে একটি ট্রাক বিকল হলে যানজট তীব্র আকার নেয়। বিকল হওয়া গাড়িগুলো রাতের মধ্যে সরিয়ে নেওয়া হলেও যানজট কমেনি। এরপর গতকাল সকালে কালিয়াকৈর এলাকায় আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গতকাল বিকেল পর্যন্ত মির্জাপুরের জামুর্কি থেকে গোড়াই পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার এলাকায় দুই লেনের মহাসড়কে ঢাকাগামী যানবাহন কার্যত নিশ্চল থাকলেও টাঙ্গাইলগামী যানবাহনগুলো থেমে থেমে চলছিল। সন্ধ্যার পর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।
অন্যদিকে কুমিল্লা জেলার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর ওপর পণ্যবাহী একটি ট্রাক দুর্ঘটনায় পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে গতকাল শুক্রবার বেলা ৩টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা চট্টগ্রাম থেকে ঢাকামুখী মহাসড়কে যানজট ছিল।
মহাসড়ক পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, গত বৃহস্পতিবার রাত ১১টায় সেতুর ওপর ঢাকাগামী একটি ট্রাক অচল হয়ে পড়ে। রাত দুইটার দিকে রেকার দিয়ে ট্রাকটি সরানো হয়। এতে মহাসড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতের যানজটের জের চলে দিনের বেলাতেও। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত দাউদকান্দির গৌরীপুর, শহীদনগর, মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা, মুন্সিগঞ্জের বাউশিয়া, ভবেরচর, ভাটেরচর ও বালুয়াকান্দি এলাকায় ধীরে ধীরে গাড়ি চলছিল। বিকেলের পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক গতকাল শুক্রবার সকালে ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে দাউদকান্দিতে যানজটে পড়েন। পরে পুলিশ যানবাহন সরিয়ে তাঁর গাড়ি এগিয়ে নেওয়ার ব্যবস্থা করে।