দুই মহাসড়কে পাঁচ ঘণ্টা শ্রমিক অবরোধ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে রপ্তানিমুখী পোশাক কারখানা ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা গতকাল মঙ্গলবার আবার বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখেন। তাঁরা যানবাহন ভাঙচুর করেন ও পুলিশের ওপর ইট-পাটকেল ছোড়েন। পরে জেলা ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে শ্রমিক ও মালিকপক্ষের সমঝোতা হলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। হাজিরা বোনাসসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে তাঁরা এ বিক্ষোভ করেন। পুলিশ জানায়, ওই কারখানায় প্রতিদিন প্রায় ৪০ হাজার শ্রমিক কাজ করেন। গতকালের অবরোধে প্রায় ২০ হাজার শ্রমিক অংশ নেন।অবরোধ চলাকালে পাশের রপ্তানিমুখী পোশাক কারখানা এসকোয়্যার নিট কম্পোজিটের শ্রমিকেরা ওপেক্সের শ্রমিকদের সঙ্গে যোগ দেন। এ সময় দুই মহাসড়কের দুই পাশে মোট ৩০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে হাজার হাজার যাত্রী দুর্ভোগ পোহায়। শ্রমিক, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা ১০ দফা দাবি বাস্তবায়নে সকাল আটটার দিকে প্রথমে ঢাকা-সিলেট মহাসড়ক ও পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকেরা দুটি মহাসড়কের ওপর টায়ার পুড়িয়ে বাধা সৃষ্টি, বিক্ষিপ্তভাবে মিছিল ও সমাবেশ করেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছালে শ্রমিকেরা তাঁদের লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেন ও ইট-পাটকেল ছোড়েন। শ্রমিকেরা দুই মহাসড়কে ১৫টি যানবাহন ভাঙচুর করেন। তাঁদের হামলায় পুলিশসহ ২০ জন পথচারী আহত হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রাবাড়ী থেকে সোনারগাঁয়ের মেঘনা সেতু এবং ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে রূপগঞ্জের গাউছিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃিষ্ট হয়। বেলা ১১টার দিকে সোনারগাঁ, রূপগঞ্জ, বন্দর, সিদ্ধিরগঞ্জ, কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ, অতিরিক্ত দাঙ্গা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। শ্রমিকেরা এ সময় তাঁদের দাবি বাস্তবায়নে কারখানার চেয়ারম্যানকে সরাসরি উপস্থিত হয়ে তাঁদের প্রতিশ্রুতি দিতে বলেন। দুপুর সাড়ে ১২টার দিকে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের চেয়ারম্যান আনিসুর রহমান সিনহা, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক সামছুর রহমান, পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে কাঁচপুর বালুর মাঠে শ্রমিকদের সঙ্গে সভায় আনিসুর রহমান শ্রমিকদের ১০ দফা দাবির মধ্যে ছয় দফা দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। দুপুর একটার দিকে শ্রমিকেরা তাঁদের অবরোধ তুলে নেন। এ সময় শ্রমিকেরা আজ বুধবার সকাল থেকে যথারীতি কাজে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন।ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের চেয়ারম্যান আনিসুর রহমান সিনহা বলেন, ‘আমরা একে একে শ্রমিকদের ছয় দফা দাবি মেনে নেব। আশা করি, এরপর আর কোনো শ্রমিক অসন্তোষ থাকবে না।’ গত সোমবার রাতে শ্রমিকদের দাবির ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকে যে সিদ্ধান্ত হয়, সে সিদ্ধান্তগুলো শ্রমিকদের নোটিশ আকারে জানিয়ে দেওয়ার কথা থাকলেও কয়েকজন কর্মকর্তার গাফিলতির কারণে শ্রমিকদের সঙ্গে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়।ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিক রাকিব, সুমা, কামাল বলেন, ‘গত সোমবার রাতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় কারখানার মালিক ও শ্রমিকদের মধ্যে সমঝোতা বৈঠক হয়। এতে ১০ দফা দাবির মধ্যে মালিকপক্ষ ছয়টি দাবি মেনে নেয়। কোম্পানির চেয়ারম্যানের মুখ থেকে শ্রমিকদের দাবি পূরণে সরাসরি প্রতিশ্রুতি না পাওয়ার কারণেই আমরা আন্দোলনে নামি। মালিকের প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে আমরা আর আন্দোলনে যাব না।’