দুই মহাসড়কে যানজট নেই, ঘাটে গাড়ির জটলা
দুই মহাসড়ক ধরে গতকাল সোমবার মোটামুটি নির্বিঘ্নে যাতায়াত করেছে ঈদে ঘরমুখী মানুষ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী সড়কে তেমন যানজট ছিল না। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশেও যানজট চোখে পড়েনি। তবে যানবাহনের গতি কিছুটা ধীর ছিল।
এদিকে ফেরি স্বল্পতা ছাড়াও নদীতে স্রোত বেশি থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ী—এই দুই নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দুই ঘাটেই কয়েক শ যানবাহন আটকে থাকতে দেখা গেছে।
যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
সড়কের মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর কলেজ এলাকা পর্যন্ত তিন কিলোমিটারে ঢাকাগামী মহাসড়কে গত রোববার রাত ১২টা থেকে যানজট দেখা দেয়। গতকাল দুপুর সাড়ে ১২টার পর থেকে মহাসড়ক যানজটমুক্ত হয়।
যানজটে আটকে থাকা ঢাকাগামী একটি বাসের চালক মনু মিয়া বলেন, সকাল সাড়ে ছয়টায় দাউদকান্দির হাসানপুরে যানজটে আটকা পড়ে তিন কিলোমিটার পথ অতিক্রম করতে দুই ঘণ্টা সময় লেগেছে। মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা এলাকায় গাড়ির ওজন পরিমাপক যন্ত্রের কারণে এ যানজট।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, মেঘনা-গোমতী সেতু টোল প্লাজা অনলাইন ওয়েব বেইসড এক্সেল লোড ওয়েরিং স্কেলের ধীরগতির কারণে এ যানজটের সৃষ্টি হয়।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের ধীরগতি
সড়কের টাঙ্গাইল অংশে গতকাল যানজট ছিল না। তবে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত যানবাহন থাকায় গতি কিছুটা ধীর ছিল। ঢাকা থেকে টাঙ্গাইল স্বাভাবিক অবস্থায় আড়াই থেকে তিন ঘণ্টায় আসা গেলেও গতকাল সময় লেগেছে প্রায় চার ঘণ্টা। টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা মোড়ে বগুড়াগামী বাসের চালক শওকত আলী বলেন, ঢাকা থেকে আসতে যানজটে দাঁড়িয়ে থাকতে হয়নি।
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম বলেন, আজ মঙ্গলবার থেকে সাড়ে সাত শ পুলিশ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কের টাঙ্গাইল জেলার অংশে মোতায়েন থাকবে।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গাড়ির জট
ফেরি স্বল্পতা ছাড়াও নদীতে¯স্রোত বেশি থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু নিয়ে আসা শত শত ট্রাক আটকা পড়ছে রাজবাড়ীর গোয়ালন্দে। সাত কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ অংশে। গরম ও বৃষ্টি যানজটে আটকা মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।
গতকাল বিকেলে দেখা যায়, ফেরিঘাট ছেড়ে যানবাহনের সারি মহাসড়কের গোয়ালন্দের জমিদার ব্রিজ পর্যন্ত গিয়ে ঠেকেছে। যশোরের বেনাপোল থেকে আসা যাত্রী রেশাদুল হাসান বলেন, ‘জরুরি প্রয়োজনে রোববার দিবাগত মধ্যরাতে ঢাকার উদ্দেশে রওনা করি। চার ঘণ্টার বেশি সময় ঘাট থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আটকা রয়েছি। উপায় না পেয়ে বিকল্প যানবাহনে ঘাটের উদ্দেশে রওনা করেছি।’
শিমুলিয়া-কাঁঠালবাড়ীতে যাত্রী দুর্ভোগ
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী নৌপথে পদ্মার তীব্র স্রোতে এবং প্রয়োজনের তুলনায় ফেরি কম হওয়ায় ভোগান্তি বাড়ছে যাত্রী ও চালকদের। ফেরি পারাপারেও স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। ফলে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
ঘাট এলাকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তরাঞ্চলের বন্যার পানি বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে পদ্মা নদী দিয়ে। তাই এ নৌপথে এখন প্রচুর স্রোত। স্রোতের প্রতিকূলে ফেরিগুলোকে ধীরগতিতে এগোতে হচ্ছে। শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাটে যেতে যেখানে এক ঘণ্টা সময় লাগত, সেখানে এখন দুই ঘণ্টা লাগছে। এ অবস্থায় ঘাটে পারাপারের জন্য ফেরি বাড়ানো না হলে ঈদযাত্রায় যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
শিমুলিয়া ফেরিঘাট এলাকার দায়িত্বে থাকা পুলিশের পরিদর্শক মো. সিদ্দুকুর রহমান বলেন, সোমবার সকালে শিমুলিয়ার চারটি ঘাটে এবং সড়কে প্রায় ৬০০-এর মতো যানবাহন অপেক্ষমাণ ছিল। বিকেল চারটার দিকে গাড়ির চাপ স্বাভাবিক হয়ে আসে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন টাঙ্গাইল, দাউদকান্দি (কুমিল্লা), গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি ও মুন্সিগঞ্জ সংবাদদাতা]