দুই মহিলা দেশের জমিনকে উত্তপ্ত করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, ‘দুই মহিলা বাংলাদেশের জমিনকে উত্তপ্ত করছেন। হাতপাখার বাতাস দিয়ে এই উত্তপ্ত জমিনকে আমরা সাগরের মতো ঠান্ডা করব।’গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে দলের মহাসমাবেশে সভাপতির বক্তৃতায় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী সম্পর্কে রেজাউল করিম এ মন্তব্য করেন। সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস কথাটি তুলে দেওয়া, সন্ত্রাস, দুর্নীতি ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ, তত্ত্ব্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও ইসলামি শাসন প্রতিষ্ঠার দাবিতে এ মহাসমাবেশ ডাকা হয়। দলটি সারা দেশ থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মীকে সমাবেশে জড়ো করে।বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক আলেমদের উদ্দেশ রেজাউল করিম বলেন, ‘আপনারা যদি চারদলীয় জোটকে ইসলামের প্রতীক মনে করেন, এটা হবে সম্পূর্ণ ভুয়া। এটি ধোঁকা, তা বারবার প্রমাণিত হয়েছে।’সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বক্তব্য দেন। তিনি বলেন, ‘দিনে হাসিনা-খালেদা, রাতে চরমোনাই পীরের ওয়াজ শুনবেন, তাহলে কেয়ামত পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় যেতে পারবেন না। মানুষের দুর্ভোগ-সমস্যা নিয়ে রাজনীতি করতে হবে। এই রাজনীতি করলে আমাকে পাবেন, আর যদি শুধু ওয়াজ-নসিহত করেন, তাহলে আমাকে পাবেন না।’