বগুড়া মোহামঞ্চদ আলী হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার করে পুলিশ পড়েছে বিপাকে। শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসার পর মা হিসেবে দাবি করছেন দুজন এবং দত্তক হিসেবে নেওয়ার দাবিদার রয়েছেন আরেক নারী।
বগুড়ার মোহামঞ্চদ আলী হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে ৯ সেপ্টেম্বর রাত আটটার দিকে শাপলা বেগম নামের এক প্রসূতির ছেলেসন্তান চুরি হয়ে যায়। এ ব্যাপারে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সোনাতলা থানার পুলিশ গতকাল মঙ্গলবার সকালে পাশের গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামালেরপাড়া গ্রামের শাজাহানের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় শাজাহানের স্ত্রী শেফালী জানান, তিনি সোনাতলা উপজেলার হাঁসরাজ গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী কহিনুর বেগমের কাছ থেকে ১০ সেপ্টেম্বর শিশুটিকে ১৫ হাজার টাকার বিনিময়ে দত্তক নিয়েছেন।
পরে কহিনুর বেগম ও শেফালীকে বগুড়া সদর থানায় পাঠানো হয়। বগুড়া সদর থানায় শিশুটিসহ দুই নারীকে আনার পরে খবর পেয়ে শাপলা বেগম নামের আরেক নারী সদর থানায় এসে শিশুটি তাঁর বলে দাবি করেন।
শিশুটিকে বিক্রি করা মা হিসেবে দাবি করা কহিনুর বেগম জানান, সংসারে অভাব-অনটনের কারণে জন্মগ্রহণের দিনই তিনি শিশুটিকে বিক্রি করেছেন।
অন্যদিকে শাপালা বেগম দাবি করছেন, কহিনুর বেগম তাঁর শিশু চুরি করে বিক্রি করেছেন। এতে পুলিশ পড়ে যায় বিপাকে। সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, প্রকৃত মা যাচাই-বাছাই করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। প্রকৃত মায়ের কাছে শিশুটিকে ফিরিয়ে দেওয়া হবে। তদন্তে চুরির বিষয়টি ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।