দুই মাদক ব্যবসায়ীকে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম করে দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়া হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলার প্রতিবাদে স্থানীয় লোকজন সন্ধ্যায় মাদক বিক্রেতাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। প্রত্যক্ষদর্শী ও গৌরনদী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল ও গৌরনদী সার্কেলের যৌথ উদ্যোগে একটি বিশেষ দল বুধবার বিকেলে কটকস্থল গ্রামে যায়। দলটি মাদক ব্যবসায়ী আবুল বাসার আকনের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৭০ বোতল ফেনসিডিল, ১০৫টি ইয়াবা বড়ি ও ৯০টি প্যাথেডিন ইনজেকশন জব্দ করা হয়। পরে আবুল বাসার (৩৫) ও তাঁর সহোদর অপর মাদক ব্যবসায়ী জাফর আকনকে (৪০) আটক করা হয়। আটককৃতদের হাতকড়া পরিয়ে ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে থানায় নিয়ে যাচ্ছিলেন বিশেষ ওই দলের সদস্যরা। পথে কটকস্থল খালের পাড়ে আটক ব্যক্তিদের ১৫-২০ জন আত্মীয় ও সমর্থক ধারালো অস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালায়। অস্ত্রের আঘাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গৌরনদী সার্কেলের সদস্য (কনস্টেবল) মিজানুর রহমান (৩০), আমিনুল ইসলাম (৩৫), মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম (৪৫) ও সোর্স সিহাব উদ্দিন (৩৮) আহত হন। এ সময় আটক দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়া হয়। খবর পেয়ে গৌরনদী থানার এসআই আনোয়ার হোসেন ও আবুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা আবুল বাসারের বাড়ি ঘেরাও করে ফের অভিযান চালায়। এ সময় পানের বরজ ও পরিত্যক্ত বাগান থেকে ১১ বোতল ফেনসিডিল, সিরিঞ্জসহ ২১টি প্যাথেডিন ইনজেকশন, ফেনসিডিলের শতাধিক খালি বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ জুয়েল আকন ও জাহিদ হোসেন নামে দুই তরুণকে গ্রেপ্তার করে। আহত মিজান ও আমিনুলকে বরিশাল পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।