দুই মাদক ব্যবসায়ীর দণ্ড ভেজাল তেল জব্দ
ভ্রাম্যমাণ আদালত গত সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুর ও সাতক্ষীরার আশাশুনিতে দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া পটুয়াখালীর কুয়াকাটায় ২৯টি হোটেল-রেস্তোরাঁ এবং সিরাজগঞ্জ সদরে সরিষার তেলের কারখানা ও দুটি দোকানকে জরিমানা করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:সিরাজগঞ্জ: সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম আহমদ উপজেলার বাড়াবিল গ্রামে অভিযান চালান। এ সময় ছয় বোতল ফেনসিডিলসহ গ্রামের আকাব্বর আলীকে (৪৫) আটক করা হয়। তাৎক্ষণিক বিচারে তাঁকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইদিনে সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেহেলী লায়লা সদর উপজেলার কালিয়াকান্দাপাড়া বাজারের আকবর আলীর তেল কারখানায় অভিযান চালান। তিনি কারখানায় ভেজাল সরিষার তেল তৈরির সময় ১৩৭ টিন তেল হাতেনাতে জব্দ করেন। এর দাম প্রায় তিন লাখ টাকা। এ ঘটনায় কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অপরিচ্ছন্নতা ও মেয়াদোত্তীর্ণ খাদ্য রাখার দায়ে বাজারের অন্য দুটি দোকানকে চার হাজার টাকা জরিমানা করা হয়।সাতক্ষীরা: খুলনা র্যাব-৬-এর সদস্যরা সোমবার আশাশুনি উপজেলার শ্বেতপুর গ্রামের মাদক ব্যবসায়ী মোক্তার হোসেনের (৩৬) বাড়িতে অভিযান চালান। এ সময় তাঁর ঘর থেকে ৪২ বোতল ফেনসিডিল ও ১৫ বোতল মদ উদ্ধার এবং মোক্তার হোসেনকে আটক করা হয়। পরে উপজেলা পরিষদে আনলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গিয়াসউদ্দিন মাদক ব্যবসার দায়ে তাঁকে দেড় বছর বিনাশ্রম কারাদণ্ড দেন। কলাপাড়া (পটুয়াখালী): সোমবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, অনুমতিসহ প্রয়োজনীয় সনদপত্র না থাকায় তিনি কুয়াকাটার ২৯টি হোটেল-রেস্তোরাঁকে এক লাখ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন।