দুই মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষসহ ১৭ জন জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নামাজগড় গাউসুল আযম কামিল মাদ্রাসায় শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় দুটি মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তাঁরা নওগাঁ জেলহাজতে আছেন।এদিকে হামলার ঘটনায় গত মঙ্গলবার থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে মাদ্রাসা পরিচালনা কমিটি। হামলার ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসী। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে সঞ্চারকলিপি দেন।হামলার অভিযোগে গাউসুল আযম কামিল মাদ্রাসার কারিগরি শাখার শিক্ষক রাকিব হোসেন গত সোমবার রাতে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা করেন। এজাহারে বলা হয়, জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত না হওয়ায় গাউসুল আযম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুস সাত্তার সোমবার তাঁর বাহিনী দিয়ে পূর্বপরিকল্পিতভাবে শিক্ষক ও কর্মচারীদের ওপর হামলা চালান।মামলার পর পুলিশ গাউসুল আযম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুস সাত্তার, উপাধ্যক্ষ পি এম আদম আলী, পাশের বিবি খাদিজা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ওয়ারেস আলী ও উপাধ্যক্ষ আফতাব উদ্দিনসহ ১৭ আসামিকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গতকাল প্রথম আলোকে বলেন, রিমান্ড আবেদনের শুনানির জন্য ২২ অক্টোবর দিন ধার্য করেছেন নওগাঁর বিচারিক হাকিমের আদালত। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।