কক্সবাজারের মহেশখালীতে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা চলাকালে জালিয়াতির দায়ে মাদ্রাসার দুই সুপারসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার উপজেলার কালারমারছড়া মইনুল ইসলাম আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. নোমান হোসেন এ দণ্ড দেন।
মইনুল ইসলাম আলিম মাদ্রাসা কেন্দ্রের সচিব ও বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুল হক বলেন, গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন। এ সময় মুঠোফোনে প্রশ্নপত্র বাইরে ফাঁস করা এবং বাইরে থেকে খাতা লিখিয়ে আনার অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ষাইটমারা দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক মো. নেজাম উদ্দিন ও ধলঘাট হোছাইনিয়া বদরুল উলুম দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক মো. আবু তালেবকে তিন মাস করে কারাদণ্ড দেন। এ ছাড়া পরীক্ষার খাতা বাইরে নিয়ে যাওয়ার দায়ে মইনুল ইসলাম আলিম মাদ্রাসার এমএলএসএস আবু সাঈদ এবং খাতায় লিখে দেওয়ার দায়ে ওই মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র সাজেদুল করিমকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। তা ছাড়া পরীক্ষার খাতায় লিখে দেওয়ার দায়ে এক পরীক্ষার্থীর মা জাহানারা বেগমকে (৩৮) এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কালারমারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, কারাদণ্ডপ্রাপ্ত পাঁচজনকে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে।