দুই মানবপাচারকারীর তিন দিনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা এই মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকার মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া দুজন হলেন আমির মোল্লা ও ফরহাদ হোসেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) খগেন্দ্র চন্দ্র সরকার এই দুই আসামিকে আজ আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, এই দুজন আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য। ২০১৪ সালের ২ সেপ্টেম্বর তাঁরা মালয়েশিয়া পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে মামলার বাদী আবুল কালাম, সিরাজগঞ্জের মোক্তার হোসেন ও আলী শেখের কাছ থেকে চার লাখ টাকা নেন। ওই বছরের ২৬ ডিসেম্বর ওই তিনজনকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। পরে আসামি আমির মোল্লা ও ফরহাদসহ কয়েকজন সহযোগী অস্ত্রের মুখে তাঁদের ট্রলারে উঠতে বাধ্য করেন। ট্রলারে করে তাঁদের ইন্দোনেশিয়ার সীমান্তে নিয়ে গিয়ে দেশে পরিবারের সদস্যদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টাও করেন তাঁরা। এরপর আমির মোল্লা ও ফরহাদ তাঁদের সাগরে ভাসমান রেখে পালিয়ে যান। গতকাল মঙ্গলবার এই দুজনকে গ্রেপ্তার করে র‍্যাব। তাদের সহযোগী সদস্যদের গ্রেপ্তার করার জন্য এই দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

শুনানি শেষে আদালত দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।