সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় ৫৯২ জন আরোহীসহ মিয়ানমারের ট্রলার আটকের ঘটনায় চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানায় গতকাল বুধবার দুটি মামলা হয়েছে। এতে ৮৫ জনকে আসামি করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশের ২১টি শিশু, ১৪ জন নারীসহ ট্রলারের ৪৯৫ যাত্রীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
বিএনএস দুর্জয়ের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুর রহমান গতকাল সকালে পতেঙ্গা থানায় দুটি মামলা করেন। মামলার ৮৫ আসামির মধ্যে তিনজন বাংলাদেশের নাগরিক, অন্যরা মিয়ানমারের। মামলার পর ট্রলারটি পুলিশের নিয়ন্ত্রণে দেওয়া হয়েছে।
পতেঙ্গা থানার পুলিশ জানায়, একটি মামলায় বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের ১৯ নারীসহ ৮২ জনকে আসামি করা হয়েছে। অপর মামলায় মানব পাচারের অভিযোগে বাংলাদেশের তিনজনসহ ১৭ জনকে আসামি করা হয়। মিয়ানমারের ১৪ জনকে দুই মামলায়ই আসামি করা হয়েছে। মিয়ানমারের ১২ শিশুকে মামলার আসামি করা না হলেও তারা তাদের মায়ের সঙ্গে রয়েছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পতেঙ্গা থানার দুই মামলার আসামি ৮৫ জনকে বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আহমদ সাঈদের আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর প্রথম আলোকে জানান, মানব পাচার প্রতিরোধ আইনের মামলায় ১৭ জনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে আদালতে। আজ বৃহস্পতিবার এর শুনানি হতে পারে।
বিএনএস দুর্জয়ের মাধ্যমে গত সোমবার গভীর সাগর থেকে মিয়ানমারের ওই ট্রলারটি আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় নৌবাহিনীর সদস্যদের পাহারায় ট্রলারটি চট্টগ্রামের কর্ণফুলী নদীতে আনা হয়।