চট্টগ্রামের নন্দনকানে বিটিসিএল কার্যালয় থেকে আটক তিনজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার বিকেলে দুই মামলায় তিনজনকে আদালতে হাজির করা হয়। তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী।
দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক মানিক লাল দাশ বাদী হয়ে গত বুধবার রাতে নগরের কোতোয়ালি থানায় মামলা দুটি করেন। এর মধ্যে ঘুষ গ্রহণের সময় হাতেনাতে ধরা পড়ায় বিটিসিএল নন্দনকানন কার্যালয়ে প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবিরের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আর কক্ষ তল্লাশি করে ৮৫ লাখ টাকার সঞ্চয়পত্র, নগদ ২ লাখ ৩৪ হাজার টাকা উদ্ধারের ঘটনায় অবৈধ উপার্জনের অভিযোগে করা মামলায় এই দুজনের পাশাপাশি বিভাগীয় প্রকৌশলী (অভ্যন্তরীণ) প্রদীপ দাশকেও আসামি করা হয়েছে।
দুদক চট্টগ্রামের বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া বলেন, দু-এক দিনের মধ্যে মামলা দুটির তদন্ত শুরু করা হবে। উদ্ধার করা টাকা ও সঞ্চয়পত্রের উৎস কী, সে বিষয়ে তদন্ত করা হবে। এর বাইরে আসামিদের আর কোনো অবৈধ সম্পদ আছে কি না, তাও বের করার চেষ্টা করব।
গত বুধবার ঘুষ নেওয়ার সময় দুদকের ফাঁদে ধরা পড়েন বিটিসিএল চট্টগ্রামের নন্দনকানন কার্যালয়ের দুই কর্মচারী। পরে কার্যালয়ের প্রধান সহকারী ও বিভাগীয় প্রকৌশলীর (অভ্যন্তরীণ) কক্ষের আলমারি ও রেজিস্ট্রার বই তল্লাশি করে ২ লাখ ৩৪ হাজার টাকা ও ৮৫ লাখ টাকার সঞ্চয়পত্র জব্দ করা হয়।