রাজশাহী মহানগরে গত বৃহস্পতিবার বোমা হামলা চালিয়ে একজন পুলিশ সদস্যকে হত্যা ও বিস্ফোরক বহনের অভিযোগে ১৮ দলের ৩৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেনসহ ৮৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দুটি করেন। দুটি মামলায় ২৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। কাল রোববার রিমান্ডের শুনানি হওয়ার কথা রয়েছে। বিএনপি অভিযোগ করেছে, পুলিশ গ্রেপ্তারের নামে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘর ভাঙচুর করছে।
পুলিশ সূত্র জানায়, মামলায় নাম থাকা অন্য নেতাদের মধ্যে রয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক, মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি আ স ম মামুন শাহিন, মাইনুল ইসলাম, মাহবুব হাসান প্রমুখ।
মাইনুল বৃহস্পতিবার ভুবনমোহন পার্কে ১৮ দলের বিক্ষোভ সমাবেশে পুলিশকে হুমকি দিয়ে বলেন, ২৯ ডিসেম্বর ঢাকামুখী ‘গণতন্ত্র অভিযাত্রায়’ বাধা দেওয়া হলে পুলিশকে প্রতিহত করা হবে। ১৮ দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হলে মোড়ে মোড়ে গণবিস্ফোরণ ঘটবে।
সমাবেশে মাইনুল হুমকি দেওয়ার আধাঘণ্টা পর শহরের রাজাহাতার লোকনাথ স্কুলের মোড়ে পুলিশের একটি টহল গাড়িতে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে পুলিশের নয়জন সদস্য আহত হন। এঁদের মধ্যে গুরুতর আহত সিদ্ধার্থ চন্দ্র সরকার ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।
সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন অভিযোগ করেন, বৃহস্পতিবার গভীর রাতে মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ বিএনপি ও যুবদলের ৮-১০ জন নেতার বাড়িতে তল্লাশির নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভাঙচুর করেন। এ সময় তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। মহানগর বিএনপির সদস্য শাকিলুর রহমানের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও মালামাল লুট করা হয়।
নাদিম মোস্তফা দাবি করেন, জেলা বিএনপির নেতা-কর্মীরা বৃহস্পতিবার ১৮ দলের কর্মসূচিতে যোগ দেননি। তার পরও তাঁদের পুলিশের ওপর হামলার মামলায় আসামি করা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান দাবি করেন, পুলিশকে বিতর্কিত করতে নিজেরাই ভাঙচুর করে পুলিশের ওপর দায় চাপানো হচ্ছে। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার ভোর পর্যন্ত রব-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করেছে। এঁদের মধ্যে ২৩ জনকে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সিদ্ধার্থের হত্যাকারীদের গ্রেপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিলম্বে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থের হত্যাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী শুক্রবার অবিলম্বে বোমা হামলাকারীদের গ্রেপ্তারের জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।